News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

শিক্ষককে বের করারও স্বপ্নও দেখি নাই; মিথ্যা ছড়ানো হয়েছে : জিহাদী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১০:৩০ পিএম শিক্ষককে বের করারও স্বপ্নও দেখি নাই; মিথ্যা ছড়ানো হয়েছে : জিহাদী

জামিয়া আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী বলেছেন, আল্লাহ যতদিন খেদমত করার সুযোগ দিয়েছেন আমি ততদিন খেদমত করার চেষ্টা করেছি। আমি দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার সীমাবদ্ধতার কারণে কারও মনে কষ্ট দিয়ে থাকি সে কষ্টের জন্য আমি আন্তরিকভাবে দু:খিত।

রোববার (১২ জুলাই) বিকেলে বিদায়কালে জামিয়া আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদরাসা প্রাঙ্গনে তিনি এসব কথা বলেন। মাওলানা আবু তাহের জিহাদী বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী এবং সকলের কাছে দোয়াপ্রার্থী। আমার ভাই ও বন্ধুরা বিশেষ করে কমিটির সদস্যরা এবং উস্তাদগণ সহযোগিতা করেছেন সে সহযোগিতার জন্য আমি মোবারকবাদ ও ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমার কারও ব্যাপারে কোনো রকম আপত্তি অভিযোগ নাই। আমি মনে করি আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। এখানে আল্লাহর হুকুমেই সবকিছু হয়েছে। আমি বলতে চাই আমার ছাত্ররা এরা অবুঝ তারা আমার সন্তানের তুল্য। প্রতিটি ছাত্রের চেহারা চিনি। মানুষের সাথে ভুল বুঝাবুঝি হয়ে থাকে। আমি আমার সকল ছাত্রদের ক্ষমা করে দিলাম।

ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেন, তবে ছাত্রদের উদ্দেশ্য বলবো আমার জন্য আন্দোলন করার প্রয়োজন ছিলো না। আন্দোলনের আগেই আমি চলে যাচ্ছিলাম। নির্বাচনের পরেই আমি চলে যাবো এই কথা সভাপতি সেক্রেটারীকে অনুরোধ করেছিলাম। আমি বুঝছিলাম আমার সময় ফুরিয়ে আসছে। এজন্য আমি একান্তভাবে উনাদের কাছে চেয়েছিলাম। প্রতিষ্ঠানের স্বার্থে এবং সিদ্ধান্তের কারণে আমি যেতে পারিনি।

মাওলানা আবু তাহের জিহাদী বলেন, আমিও ডাকতে পারি তবে তুমরা কারও কাজে ব্যবহার হইও না। আমাদের কোনো কাজে ব্যবহার হইও না। তোমরা পড়াশোনায় মনযোগি হও। কওমী মাদ্রাসার বিরুদ্ধে দেশি এবং বিদেশী চক্রান্ত কাজ করছে। দেশি এবং বিদেশীরা আমাদের সরলতাকে কাজে লাগাচ্ছে। সুতরাং সাবধান সতর্ক হও।

আবারও তদন্তের দাবী জানিয়ে হাহাকার করে তিনি বলেন, তোমরা জেনে রাখো আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি একজন শিক্ষককেও বের করার কোনো পরিকল্পনা আমি করি নাই। আমি স্বপ্নও দেখি নাই। যদি আমি এরকম করে থাকি তাহলে আসমানী গজব আমাকে ধ্বংস করে দেউক। এটা মিথ্যা প্রোপাগান্ডা। আমি জানি আমার এ মিথ্যাটা উদঘাটন হবে না। কমিটিও পারবে না। কিন্তু এটা মিথ্যা। আমি কোনো উস্তাদকে বহিস্কার করার স্বপ্নও দেখি নাই। আমি আমার কমিটিকে বলবো এলাকাবাসীকে বলবো আমার মতো কোনো প্রিন্সিপালের যেন এরকম বিদায় হতে না হয়। এর রহস্য বের করবেন।