News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

আমার বাবা নামের চেয়ে নারায়ণগঞ্জকে প্রাধান্য দিয়েছেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:২৬ পিএম আমার বাবা নামের চেয়ে নারায়ণগঞ্জকে প্রাধান্য দিয়েছেন

নারায়ণগঞ্জ কলেজের নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ কলেজকে বর্তমান সময়ের চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে। নারায়ণগঞ্জ কলেজের আশেপাশে সরকারি কলেজ রয়েছে। সরকারি কলেজের প্রতি মানুষের পছন্দ থাকে। তাই এ বাস্তবতায় জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বেসরকারি কলেজ হিসেবে নারায়ণগঞ্জ কলেজকে এগিয়ে যেতে হবে। এটাই এই কলেজের জন্য এখন চ্যালেঞ্জ। কারণ বেসরকারি কলেজের  পক্ষে শহর, জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরির সুযোগ ও সম্ভাবনা থাকে। এই সম্ভব সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই কলেজের প্রতিষ্ঠাতা তৎকালীন সংসদ সদস্য আমার বাবা জালাল উদ্দিন আহমেদ। প্রতিষ্ঠাকালে অনেকেই আমার বাবাকে বলেছিলেন কলেজটি তাঁর নামে করতে। কিন্তু তিনি তা করেননি। তিনি চেয়েছেন নামের ক্ষেত্রে নারায়ণগঞ্জকে প্রাধান্য দিয়েছেন। এই কারণে কলেজের নাম হয়েছে নারায়ণগঞ্জ কলেজ। আমিও এমপি হিসেবে দায়িত্ব পালনকালে একই পথ অনুসরণ করেছি।  নারায়ণগঞ্জ কলেজের পরিচালনার দায়িত্ব স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত  ব্যক্তিদের দেয়া হয়েছে। আমি বিশ্বাস করি, বর্তমান কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ কলেজ ব্যাপক পরিসরে সুনাম ও আলো ছড়াবে।

কলেজ গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন ওই সময়ে এমপি আবুল কালামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডিতে (২০২৬-২৮) বিদ্যোৎসাহী সদস্য হিসেবে প্রাইম ব্যাংক পিএলসির চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মো. মাহবুবুল আলম , রোটারি ক্লাব নারায়ণগঞ্জ তিলোত্তমা সভাপতি রহিমা শরীফ মায়া, হোমিওপ্যাথি চিকিৎসক রফিকুল ইসলাম, দাতা সদস্য হিসেবে ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, হিতৈষী সদস্য হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, অভিভাবক প্রতিনিধি হিসেবে সরকারি সোনারগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম,রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন শেখ, শিক্ষানুরাগী আমিনুর রহমান মিঠু, শিক্ষক প্রতিনিধি হিসেবে কলেজে সমাজকর্ম বিভাগের বিভাগের প্রধান মাহমুদা খাতুন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. সাবিত্রী রাণী দত্ত ও প্রভাষক ফুয়াদ হাসান।

গভর্নিং বডিতে পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে রয়েছেন কলেজের অধ্যক্ষ ড.মোঃ ফজলুল হক রুমন রেজা।

নারায়ণগঞ্জ কলেজ নবগঠিত গভর্নিং বডির সদস্যরা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন  মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি এডভোকেট সামসুন নূর বাঁধন ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ফয়সল আজিজ তুষার।