নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ-কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত বেহাল ও ভাঙ্গাচোরা রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিএনজি-অটোরিকশাচালকসহ সর্বস্তরের জনসাধারণ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ জনতা এ কর্মসূচি পালন করেন। দীর্ঘ দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নবীগঞ্জ হতে কাইকারটেক পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। খানাখন্দে ভরা এই রুটে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়তই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে এবং জানমালের ক্ষতি হচ্ছে। এই রাস্তায় সাধারণ মানুষের জীবনের যেন কোনো নিরাপত্তা নেই।
ভুক্তভোগী এলাকাবাসী ও চালকেরা অতি দ্রুত সড়কটি যাতায়াতের উপযোগী করার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
পরবর্তীতে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সংসদ সদস্য আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।
তিনি আন্দোলনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার কাজ শুরু করার ব্যাপারে আশ্বস্ত করেন।
এমপির ব্যক্তিগত সচিবের কাছ থেকে আশানুরূপ আশ্বাস পাওয়ার পর বেলা ১২টায় আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মদনপুর-মদনগঞ্জ সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।






































আপনার মতামত লিখুন :