নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদিয়া আক্তার (২৩) নামের গার্মেন্ট কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনার পর থেকে ভিকটিমের স্বামী পরিচয়ে বসবাসকারী অজ্ঞাত এক ব্যক্তি ও ৬ বছর বয়সী শিশুকন্যা পলাতক রয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টায় মিজমিজি বাতানপাড়া এলাকার শাহজাহান মাস্টার নামক বাড়ি মালিকের ভাড়াটিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাদিয়া পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে।
স্বামী পরিচয়ে একসঙ্গে বসবাস করা ব্যক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভিকটিম আদমজী ইপিজেডের একটি গার্মেন্ট কারখানায় কর্মরত ছিলেন।
সবশেষ গত ১ জুলাই তার ৬ বছর বয়সী মেয়ে এবং স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে টিনশেড ঘর ভাড়া নেন। ভাড়া নেওয়াকালীন বাড়ির মালিকের নিকট ভিকটিম নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও সঙ্গে থাকা ওই ব্যক্তি পরিচয়পত্র দেননি। মালিকপক্ষকে বলা হয়েছিল পরবর্তীতে গ্রাম থেকে এনে পরিচয়পত্র দেওয়া হবে। এরপর থেকে প্রতিবেশীরা চলাফেরা করতে দেখলেও গতকাল রাতে ঘরের ভেতর খাটের উপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অপরদিকে নিহতের স্বামী পরিচয়ে বসবাসকারী ব্যক্তিকে সনাক্ত করা ও শিশুকন্যার সম্পর্কে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। পরিবারের কোনো সদস্য না আসার কারণে এ ঘটনায় এখনো মামলা রুজু হয়নি।




































আপনার মতামত লিখুন :