News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সোনারগাঁয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে অভিযান, ১৪ জনের কারাদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৯:১৬ পিএম সোনারগাঁয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে অভিযান, ১৪ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটপাত দখল এবং সড়কে অবৈধভাবে অটোরিকশা ও সিএনজি পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। অভিযানে ১৪ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

অভিযানে বিনাশ্রম কারাদণ্ড পাওয়ারা হলেন মো. হিরণ মিয়া,খলিল,নূরুল আমীন,হানিফ, মোশারফ, জাকির হোসেন, মোতালেব,  আবু বকর সিদ্দিক, মো. মনির, মো.সেলিম, শ্যামল দাস, মো.মজনু, মিলন জহিরুল ইসলাম, জুনায়েদ।

জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফিডার রোড দীর্ঘদিন ধরে ফুটপাত দখল এবং যত্রতত্র অটো-সিএনজি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের দায়ে ১৫ জন দোকানদার ও অটো-সিএনজি চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১৩ জনকে পাঁচ দিনের এবং একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দেন। এছাড়া সড়ক পরিবহন আইনে একজনকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোগরাপাড়া চৌরাস্তার দুই পাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে পরিচালিত অভিযানে ১৫ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেন। পরে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, অবৈধ দখল ও সড়কে যত্রতত্র পার্কিং বন্ধে একাধিকবার মাইকিং ও সতর্ক করা হয়েছে। অটো-সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড থাকা সত্ত্বেও চালকেরা নিয়ম মানছেন না। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে সচেতন করার পরও তারা আইন অমান্য করায় আমরা অভিযান চালাই। মূলত এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা অভিযানে গিয়েছি।

অভিযানে সোনারগাঁ থানা পুলিশ, আনসার, স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।