জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ২ জুলাই বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
এ সময় জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপজেলা আমীর ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে গণআন্দোলনের সৃষ্টি হয়, তা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। তিনি দাবি করেন, ওই আন্দোলনে বহু মানুষ নিহত ও আহত হন এবং তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন আসে। তিনি জুলাই মাসকে জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা শাখা জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বিভিন্ন পর্যায়ে আলোচনা সভা, সেমিনার, চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা, গণমিছিল এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৪ জুলাই ১১ দলীয় ঐক্যের ঘোষিত বিক্ষোভ সমাবেশে সমর্থন ও অংশগ্রহণ, ৫ থেকে ২০ জুলাই থানা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, ১৩ জুলাই ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার, ২৩ থেকে ২৫ জুলাই উপজেলা ও থানা পর্যায়ে জুলাই আন্দোলনের চিত্র প্রদর্শনী, ২৯ জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা, ১ আগস্ট উপজেলা ভিত্তিক গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিকদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি এবং ৫ আগস্ট ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও মিছিলে সমর্থন ও অংশগ্রহণ।
সংবাদ সম্মেলনের শেষে ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার।





































আপনার মতামত লিখুন :