News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ধলেশ্বরীতে মাটি কাটা বন্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ১০:০৮ পিএম ধলেশ্বরীতে মাটি কাটা বন্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন সংলগ্ন ধলেশ্বরী নদীতে অবৈধ মাটি কাঁটা বন্ধে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। সোমবার দিবাগত রাত ১ টায় ধলেশ্বরী নদীর পূর্ব প্রান্তে এই অভিযান চালানো হয়।

এসময় মাটি কাটার সাথে জড়িত চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় প্রায় ২৮ লাখ টাকা মূল্যের মাটি কাটার সরঞ্জাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, ‘সাইফুল ইসলাম (৩৫), লিটন পরামানিক (২৮), শাহা বাবু (৩৫), ওলিদ ইসলাম (৩২)। জব্দ করা হয়েছে একটি গ্রাফ মেশিন, ৩ টি শ্যালো মেশিন, মাটি বহনের ২ টি নৌকা।

মামলার বাদী বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ার হোসেন বলেন, ‘রাত ১ টার দিকে ডিউটি চলাকালে খবর পাই ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ মোড়ে  অবৈধভাবে মাটি কাঁটা হচ্ছে। সেখানে ফোর্স নিয়ে হাজির হতেই চারজন ব্যক্তি মাটি কাটার গ্রাফ মেশিন ও নৌকা ফেলে পালাবার চেষ্টা করে। ঘটনাস্থলে চারজনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় গ্রাফ মেশিন, নৌকা এবং শ্যালো মেশিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে এখানে মাটি উত্তোলন করে আসছিলো। এই মাটি উত্তোলনের ফলে এই এলাকার তীর ভেঙ্গে নদীতে তলিয়ে যাচ্ছিলো। আসামীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় অবৈধ বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হবে।’