News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ভোট কেন্দ্র দখল করতে আসলে জনগন হাত ভেঙ্গে দিবে : আল আমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৫৭ পিএম ভোট কেন্দ্র দখল করতে আসলে জনগন হাত ভেঙ্গে দিবে : আল আমিন

জামায়াত এনসিপি জোটের প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘২৪ সালে দুই হাজার মানুষ জীবন দিলো। আগেও সন্ত্রাস চলতো এখনও চলে। আগেও ভুমিদস্যুতা চলতো, এখনও চলে। আমরা নাম ধরে বলতে পারি। কিন্তু বললেই তারা মন খারাপ করে। অথচ তাদের সাথে তো আমাদের কোন লেনদেন নাই। আমরা চাই সাধারণ মানুষ শান্তিতে থাকবে। এই চাওয়া থেকেই জুলাই গণঅভ্যুত্থান হইছে। 

রোববার রাতে ফতুল্লার আলীগঞ্জে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আবদুল্লাহ আল আমিন বলেন, আমরা নরম মানুষ ভেবে অনেকেই অত্যাচার করতে চায়। কিন্তু আমরা কি করতে পারি সেটা হেলিকপ্টারে যে পালিয়েছে সে জানে। কেউ যদি মনে করে আমাদের মা, বোনদের হুমকি দিয়ে আমাদের কার্যক্রম বন্ধ করবে। ভোট কেন্দ্র দখল করবে। যেই হাত নিয়ে কেন্দ্র দখলে আসবে, সেই হাত জনতা ঐক্যবদ্ধ হয়ে ভেঙ্গে দিবে।

তিনি বলেন, এই এলাকা অনিরাপদ করে তুলেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। এই এলাকায় কেউ একজন নির্বিঘ্নে বাড়ি করতে পারে না, ব্যবসা করতে পারেনা, গার্মেন্টস পোড়ায়া দেয়ার হুমকি দিয়ে চাঁদাবাজি করে। এই ধরনের চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। জালিমদের কিভাবে বিতাড়িত করতে হয় সেটা আমরা জানি। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আগামী ১২ তারিখ শাপলা কলির বিজয় হবে ইনশাআল্লাহ।

আল আমিন বলেন, যদি আমরা বিজয়ী না হতে পারি তাহলে আমাদের আবারও সন্ত্রাসী, চাঁদাবাজদের হাতে এই এলাকার সাধারণ মানুষকে নির্যাতিত হতে হবে। আমাদের মুক্তির পথ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা। যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদককে প্রশ্রয় দিবে না। এতদিন যারা ছিলো তারা নিজেদের ভাবছে জমিদার। রাস্তা, ড্রেন নির্মান না করে মানুষকে কষ্ট দিয়েছে। তারা ভাবছে রাস্তা করে দিলে মানুষ আমার পেছনে ঘুরবে না। ভোগান্তি থাকলেই বার বার আমার কাছে আসবে। এই রাজনীতি আমরা মুছে ফেলতে চাই।

তিনি মনির কাসেমীকে ইঙ্গিত করে বলেন, ধরেন আমি একজন আলেম। আমি কথা বলতাছি চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু আমার দুইপাশে চাঁদাবাজ আর দুর্নীতিবাজ বসা। তাইলে আমাকে কি মানুষ বিশ্বাস করবে? মানুষ তখনই বিশ্বাস করবে যখন কথার সাথে বাস্তবতার মিল থাকবে। যেই দলের ভেতরে চাঁদাবাজ দুর্নীতিবাজরা আছে, তারা কোনদিন মানুষকে স্বস্তি দিতে পারবে না। আর যেই দলের ভেতর চাঁদাবাজ, সন্ত্রাসী নাই। তারাই দেশে পরিবর্তন এনে দিতে পারবে।

এদিন সকালে বক্তবলী ইউনিয়নে গণসংযোগ করেন এনসিপি প্রার্থী আবদুল্লাহ আল আমিন সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বিকেলে ফতুল্লার পাগলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।