News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

শুভ হত্যার ঘটনায় মহানগর এনসিপির নিন্দা ও বিচার দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:১৭ পিএম শুভ হত্যার ঘটনায় মহানগর এনসিপির নিন্দা ও বিচার দাবি

নারায়ণগঞ্জে শুভ হত্যাকান্ডের ঘটনায় নিন্দা জানিয়ে এই ঘটনায় বিচার দাবী করেছে নারায়ণগঞ্জ মহানগর এনসিপি। সোমবার রাতে মহানগর এনসিপির নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বার্তা প্রেরন করেন।

এনসিপি নেতৃবৃন্দ বলেন নারায়ণগঞ্জে আবারও একটি নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আমাদের গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ করেছে। গতকাল শুভ নামের এক তরুণের লাশ উদ্ধার হওয়ার ঘটনা পুরো নগরবাসীর মাঝে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় বহুল আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বেদনাদায়ক স্মৃতি, যার বিচার এখনও সম্পূর্ণ হয়নি। মনে করিয়ে দেয় সাত খুনের সেই নিন্দনীয় ঘটনাকেও৷ 

এনসিপি নারায়ণগঞ্জ মহানগর মনে করে, এই ধরনের ধারাবাহিক হত্যাকাণ্ড বিচারহীনতার সংস্কৃতিকে আরও উস্কে দিচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরছে। অপরাধীরা যদি দ্রুত আইনের আওতায় না আসে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়বে।

আমরা লক্ষ্য করেছি যে, শুভ হত্যাকাণ্ডের শুরুতে ছেলেটিকে গুম করা হয়৷ পরবর্তীতে থানায় সাধারণ ডায়েরি করা হলেও ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে পাওয়া যায় নি প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ। এবং হত্যার পর নদী থেকে লাশ উদ্ধারের পরে কোনোরকম ময়নাতদন্ত ও পরিবারের সাথে যোগাযোগ ব্যতীত লাশ দাফন দেয়া হয়৷  আমরা মনে করি, প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনা প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে এবং মনে করিয়ে দেয় পূর্বের কায়দায় লাশ গুম করার মতো সংস্কৃতিকে। 

একইসঙ্গে, আমরা লক্ষ্য করছি যে ত্বকী হত্যার সময় ফ্যাসিস্ট সরকারের মদদে ওসমানীয় ধারায় যেভাবে প্রশাসন নির্বাক ভূমিকা পালন করতো সেই একই ভূমিকা বর্তমানে আমরা নারায়ণগঞ্জে দেখছি,  আবারও শীতলক্ষ্যা পরিণত হয়েছে হত্যা পরবর্তী লাশ ডাম্পিং স্টেশনে। আমাদের মনে প্রশ্ন জাগে—এটাই কি হওয়ার কথা ছিল চব্বিশ পরবর্তী বাংলাদেশে? বিচারহীনতার এই সংষ্কৃতি বন্ধ করতে নারায়ণগঞ্জ জেলা/মহানগর এনসিপি সর্বদা লড়াই চালিয়ে যাবে। যেকোনো হত্যাই নির্মম ও বেদনার। তাই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি এবং আন্দোলন অব্যাহত থাকবে।

আমরা এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে—অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।