News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

এমপিদের আশীর্বাদ পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:০৮ পিএম এমপিদের আশীর্বাদ পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের রাজনীতিতে বাড়তে শুরু করেছে তৎপরতা। নারায়ণগঞ্জে নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের অনেকেই নিজেদের অবস্থান জানান দিতে মাঠে নেমেছেন। কেউ এলাকায় গণসংযোগ করছেন, কেউ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছেন। আবার কেউ কেউ দলীয় সমর্থন নিশ্চিত করতে স্থানীয় নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। বিশেষ করে এমপিদের আশীর্বাদ ও সমর্থন পেতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে এক ধরনের নীরব প্রতিযোগিতা।

নারায়ণগঞ্জের পাঁচ উপজেলায় রয়েছে ৩৯টি ইউনিয়ন পরিষদ। এসব ইউনিয়নে নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ার পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। কোন ইউনিয়নে কে চেয়ারম্যান পদে লড়বেন, কার পেছনে দলীয় নেতাকর্মীদের সমর্থন রয়েছে, আবার কে সংসদ সদস্যের ঘনিষ্ঠ এসব বিষয় নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন ইউনিয়নে একাধিক ব্যক্তি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়, পারিবারিক প্রভাব ও সামাজিক কর্মকাণ্ডকে সামনে রেখে কেউ কেউ নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গে সম্পর্ক তৈরি ও যোগাযোগ বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছেন অনেকে। তাদের ধারণা, দলীয় সমর্থনের পাশাপাশি এমপিদের সম্মতি বা সহযোগিতা নির্বাচনী মাঠে বাড়তি সুবিধা দিতে পারে।

জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সংসদ সদস্যদের জন্যও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কাজ করেন। স্থানীয় উন্নয়ন, সামাজিক বিরোধ মীমাংসা থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নেও তাঁদের ভ‚মিকা রয়েছে। ফলে ইউনিয়ন পর্যায়ে নিজেদের অনুগত ও সমন্বয় করে চলতে সক্ষম নেতৃত্ব প্রতিষ্ঠায় আগ্রহী হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক পক্ষের নেতারা। এ কারণেই সম্ভাব্য প্রার্থীদের কাছে এমপিদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টরা।

তবে সব ইউনিয়নে পরিস্থিতি এক রকম নয়। কোথাও একই দলের একাধিক নেতা চেয়ারম্যান পদে আগ্রহী হওয়ায় অভ্যন্তরীণ প্রতিযোগিতা তৈরি হয়েছে। আবার কোনো কোনো ইউনিয়নে ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় প্রভাবের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরেও প্রার্থীদের শক্ত অবস্থান রয়েছে। ফলে শেষ পর্যন্ত কাকে সমর্থন দেওয়া হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ে আলোচনা ও হিসাব-নিকাশ চলছে।

বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের স্থানীয় নেতারাও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। কয়েকটি রাজনৈতিক দল সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু করেছে। খেলাফত মজলিসও নারায়ণগঞ্জের কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে। এতে নির্বাচনের আগেই বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে দলীয় সমর্থন ও রাজনৈতিক সমঝোতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। একই ইউনিয়নে একাধিক দলের প্রার্থী থাকলে ভোটের হিসাব কী দাঁড়াবে, তা নিয়ে সম্ভাব্য প্রার্থীরা আগাম ভাবছেন। সমমনা দলগুলোর মধ্যে সমঝোতা হলে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা, পারিবারিক পরিচিতি, সামাজিক গ্রহণযোগ্যতা ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বড় ভ‚মিকা রাখে। মাঠের জনসমর্থনও সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে নারায়ণগঞ্জের ৩৯টি ইউনিয়নে ইউপি নির্বাচন ঘিরে শুরু হয়েছে আগাম রাজনৈতিক প্রস্তুতি। তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত। তবে এমপিদের আশীর্বাদ শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে, আর ভোটের মাঠে কারা টিকে থাকবেন, তা নির্ধারিত হবে দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় জনসমর্থনের সমীকরণে।