News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবপুরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:২৩ পিএম কুতুবপুরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে ৯ নং ওয়ার্ড শাখার  বিএনপির একটি স্থায়ী কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার  অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিক্ষেপকৃত পেট্রোল বোমার আগুনে কার্যালয়ের দুটি চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালখাঁ এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 
ফতুল্লা থানা বিএনপির সহকোষাধ্যক্ষ তৈয়বুর রহমান বলেন, রাতে তারা নেতাকর্মীদের নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পাহারার দায়িত্বে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার পুড়ে যায়।

 
কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক বলেন, মধ্যরাতে জানালা দিয়ে কার্যালয়ের ভেতরে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে এসে তারা দেখতে পান, চেয়ারের ওপর প্লাস্টিকের বোতলে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। এতে দুটি চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।