News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে কুমির উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:১৭ পিএম বন্দরে কুমির উদ্ধার

নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়ার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে কুমিরটি উদ্ধার করা হয়। বন বিভাগের বন্যা প্রাণী সংরক্ষন অধিদপ্তরের একটি টিম কুমিরটি উদ্ধার করে।

বন বিভাগের নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় হাওলাদার জানান, দুইদিন ধরে আমাদের চেষ্টার পর কুমিরটি উদ্ধার করা হয়। তৃতীয়বার চেষ্টা করে কুমিরটি ধরা হয়েছে। এটাকে এখন গাজীপুরে সাফারি পার্কে নেওয়া হবে।

দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুরে কুমির দেখা গিয়েছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পায়নি বন বিভাগ।

এর মধ্যে মঙ্গলবার বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে দেখা মিলেছে কুমিরের। এ খবর ছড়িয়ে পড়তেই পুকুরপাড়ে ভিড় করে মানুষ।

এর আগে ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় লোকজন। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে সেটির অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি।

এরপর কুমিরটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। কচুরিপানায় ভরা পুকুর ও আশপাশের জলাশয়ে খোঁজ করেও সেটির অবস্থান নিশ্চিত করতে পারেনি বন বিভাগ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল উপজেলা প্রশাসন।