ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে প্রায় ৪ ঘণ্টা এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। বিকেল পাঁচটার পর থেকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যেতে শুরু করলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
সোমবার ২ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। আধা ঘণ্টা পর তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ করেন। বেলা আড়াইটার দিকে সড়কের ভূঁইগড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। তবে হঠাৎ বৃষ্টি শুরু হলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট বৃষ্টির পর কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল শুরু হয়। পরে শিবু মার্কেট এলাকায় শ্রমিকরা আবার জড়ো হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকেরা জানান, তাদেরকে বাঁচার মতো বেতন দিতে হবে। আমরা কাজ করে টাকা চাই। শহরে জীবনযাপনের খরচ অনেক। আমাদের বেতন যদি না বাড়ায়, তাহলে গ্যাস, বিদ্যুতের দাম আর দ্রব্যমূল্য কমিয়ে দিক। নাহলে আমাদের বেতন বাড়িয়ে ৩০ হাজার করতেই হবে। নাহলে আমরা আন্দোলন থামাবো না।”
এ সময় তারা ঢাকা ও গাজীপুরে শ্রমিক আন্দোলনে হতাহতের ঘটনারও প্রতিবাদ জানিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ঘটনাস্থল থেকে বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে অবরোধ করেন। এতে যান চলাচল বিঘিœত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। সড়কে পুলিশের সাঁজোয়া যান ও জলকামানের গাড়িও প্রস্তুত রাখা হয়।
এ সময় জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান শ্রমিকদের উদ্দেশে বলেন, “কেউ উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। সরকার আপনাদের নিয়ে কাজ করছে। আপনাদের বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে।
শ্রমিকরা এ সময়ও তাঁদের দাবিমতো মজুরি বাড়ানোর দাবি জানান। ঘটনাস্থলে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।




































আপনার মতামত লিখুন :