নারায়ণগঞ্জ সদর উপজেলায় ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক ৩০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মদক্ষতায় গড়ে তোলা, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং অনলাইনভিত্তিক কর্মসংস্থানের সুযোগ স¤প্রসারণের লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। ৩০ দিনব্যাপী এ প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশের ফলে কর্মসংস্থানের ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। প্রচলিত চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হলে তরুণদের দক্ষতা, সৃজনশীলতা, ইংরেজি ভাষায় যোগাযোগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বিশেষ করে ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তরুণরা স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের নিয়মিত ও মনোযোগীভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ, হাতে-কলমে কাজ শেখা এবং অর্জিত দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।



































আপনার মতামত লিখুন :