News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নেতাদের ভুয়া ভুয়া স্লোগান দিলেন শ্রমিকরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৯:১৩ পিএম নেতাদের ভুয়া ভুয়া স্লোগান দিলেন শ্রমিকরা

সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় শ্রমিকদের শান্ত করতে গিয়ে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন কয়েকজন শ্রমিক নেতা। পরে পরিস্থিতির কারণে শিবু মার্কেট এলাকা থেকে তাদের ফিরে যেতে হয়।

সোমবার ২ নভেম্বর বেলা ১২টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।

দুপুর ৩টা দিকে শ্রমিকদের শান্ত করতে ঘটনাস্থলে যান শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, আবু নাঈম বিপ্লব, শাহিন ও ইকবাল। এ সময় তাদের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকেও দেখা যায়। তবে শ্রমিকদের বিক্ষোভের মুখে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেননি বলে জানা গেছে।

একপর্যায়ে শ্রমিকদের পক্ষ থেকে ভূয়া ভূয়া স্লোগান দেওয়া হলে নেতাদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি বিবেচনায় শ্রমিক নেতারা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

শ্রমিকদের মূল দাবি, সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে সড়ক অবরোধের ফলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।