News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বডিগার্ডের চাকরির প্রলোভন অস্ত্র ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:৩৮ পিএম বডিগার্ডের চাকরির প্রলোভন অস্ত্র ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

কয়েকজন লাইসেন্সধারী অস্ত্রধারীকে চায়না প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বডিগার্ড বা গানম্যান হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে অস্ত্র ছিনতাইয়ে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলনে জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন সংঘটিত পৃথক চারটি ঘটনায় কয়েকজন লাইসেন্সধারী অস্ত্রধারীকে চায়না কোম্পানির গানম্যান হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে তাদের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জ এলাকায় ফেলে রেখে সঙ্গে থাকা লাইসেন্সকৃত অস্ত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলাসহ মোট চারটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) ভোর থেকে বেলা পর্যন্ত রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখ (৩১)।

অভিযানে তাদের কাছ থেকে দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, একটি মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়।