News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বন্দরে এক হাজার শিক্ষার্থীকে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:২০ পিএম বন্দরে এক হাজার শিক্ষার্থীকে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের (৪র্থ কিস্তি) আওতায় উন্নয়ন সহায়তা তহবিল থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। বুধবার (২৪ জুন) দুপুরে গার্লস স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।

উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক শাহানাজ আক্তার, শিক্ষক প্রতিনিধি অলিউল্লাহ ও ইউনুছ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিবানী সরকার বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পিরিয়ডকালীন সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে  কাজ করে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুলে ছাত্রীদের জন্য স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, দেশে এখন মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেছে নেওয়ায় বিভিন্ন ভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।এ সময় ৯ম,১০ম ও একাদশ শ্রেণির  শিক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে এক হাজার প্যাকেট স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।