নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁনমারী এলাকার মো. নাছির উদ্দিন (৬০) নামে এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যার বিচার দাবী ও মাদকের বিস্তার রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবরোধ করে এই বিক্ষোভ করেন।
এসময় প্রায় ঘণ্টাখানেক সময় এই সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। সেই সাথে চিহ্নিত সন্ত্রাসী শরীফের ফাঁসি দাবী করে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন ও ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবু আলম ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
সেই সাথে এলাকাবাসী সড়ক ছেড়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে যান। এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।
এসময় এলাকাবাসীর পক্ষে মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মো. নাসির উদ্দিনকে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা এই হত্যার বিচার চাই। হত্যাকারীর মূল হোতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন বলেন, নাছির উদ্দিন নামে একজন ব্যবসায়ী হত্যার বিচার দাবীতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলো। আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করি। এলাকাবাসীকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। আমরা এই হত্যা মামলার আসামীদের গ্রেফতারে অত্যন্ত তৎপর রয়েছি। আশা করি এই হত্যাকা-ের মূল হোতা অল্প সময়ের মধ্যেই গ্রেফতার হবে।
প্রসঙ্গত, গত ১৪ মে চানমারী মাউড়াপট্টি এলাকার ফ্রেন্ডস ক্যাবল অফিসে মো. নাছির উদ্দিন ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় ফতুল্লা থানায় শরীফ নামে এক সন্ত্রাসীকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।


































আপনার মতামত লিখুন :