News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

রূপগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল ২ প্রতিষ্ঠানকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:৩২ পিএম রূপগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের উদ্দেশ্যে অবৈধ মজুদ এবং ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাতকরণ ও বিক্রির অভিযোগে অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ এবং রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার কাজীপাড়া এলাকায় অবস্থিত রুপসী এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং বন্ধন  ট্রেডিং এর  গোডাউনে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।

র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ জরিমানা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও র‌্যাব-১১। রুপগঞ্জ থানার দক্ষিণ কাজীপাড়া রুপসী এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং বন্ধন  ট্রেডিং এর  গোডাউনে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করায়  মোবাইল কোর্ট কর্তৃক ২টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

গোপন সূত্রে জানা যায়, রূপগঞ্জের রুপসী এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং বন্ধন  ট্রেডিং দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল উৎপাদন, মজুদ ও বিভিন্ন ব্র্যান্ডের লেভেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে প্রায় ৫,০০০ লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিল। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ এবং ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।