News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জে চাঁদাবাজী করে কিছু সন্ত্রাসী যাদের কোন দল নাই : টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১০:৩২ পিএম নারায়ণগঞ্জে চাঁদাবাজী করে কিছু সন্ত্রাসী যাদের কোন দল নাই : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রথম সারির রাজনৈতিক দলের অনেক নেতারা ফুটপাত, হকার, যানজট নিয়ে অনেক কথা বলেছেন| কিছুক্ষণ আগে একটি ইসলামী দলের নেতা বলেছেন উচ্ছেদের নামে টম জেরির খেলা নাকি হয়| কয়দিন মাঠে ছিলেন? ফুটপাতের কোন হকারকে উঠিয়েছেন? একদিনও আসেন নাই| ডিসি এসপির কাছে গিয়েছেন বড় বড় কথা বলেছেন| বাহবা নেওয়ার চেষ্টা করেছেন| আগামী ১৩ এপ্রিল কে থাকবে কে থাকবেনা জানিনা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি উচ্ছেদের জন্য থাকবেই থাকবে|

তিনি বলেন, যখন  হকার উচ্ছেদের কথা উঠে নারায়ণগঞ্জের কিছু অপরাজনীতি আছেন ইনিয়ে বিনিয়ে বিএনপিকে ইঙ্গিত করে কথা বলেন| আজকে স্পষ্ট করে বলতে হবে বিএনপির কোন নেতা হকারদের কাছ থেকে চাঁদাবাজি করে| যদি নাম না বলতে পারেন তাহলে ভবিষ্যতে কিন্তু সাবধান| ওই জিহবা দিয়ে বড় বড় কথা বলবেন না| চ্যালেঞ্জ ছুড়ে বললাম নারায়ণগঞ্জে হকারদের কাছ থেকে কোনো বিএনপি, শ্রমিকদল, হকার দল নেতারা চাঁদাবাজি করে না| চাঁদাবাজি করে কিছু সন্ত্রাসী তাদের কোন দল নেই| তাদের পায়ের তলে কোনো মাটি নেই, পদ-পদবী নেই| তারা চাঁদা তুলেন, শ্বশুরের নাম বলতে আপনারা লজ্জা পান? আমরা লজ্জা পাই না|

হকারদের পুনর্বাসনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, চাঁনমারি নতুন সড়কে চাঁনমারি থেকে বেড়ি বাধ পর্যন্ত রাস্তার দুই পাশে ২ থেকে ৩ ফুট করে জায়গা দিলে হাজীগঞ্জ মাজার পর্যন্ত ২ থেকে আড়াইহাজার হকার বসা যাবে| কোনো সংযোগ সড়কে হকার বসতে পারবেনা| হকার্স মার্কেট ভাঙতে হবে| শহরের মাঝখানে কোনো হকার থাকবেনা| যারা হকারদের শহরের বাইরে দিতে যেতে চাননা আবার হকার উচ্ছেদ চান আমি মনে তাদের ভেতরে সমস্যা আছে| হকার উচ্ছেদের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় সেটাও দিবো| বিগত দিনে হকার উচ্ছেদ নিয়ে ক্ষমতাসীন দল যে খেলা খেলেছে তা আমরা দেখতে চাইনা| আমাদের কাছে সবার আগে নারায়ণগঞ্জ| অতএব কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলবেন না| মাঠে আসে| দল ক্ষমতায় আছে বলে বড় বড় কথা বলছি এমন না| অন্তর্বর্তী সরকারের আমলেও আমি নিজে হকারদের উচ্ছেদ করেছি রাস্তা থেকে| আপনারা একজনও আসেন নাই| আবার আপনারা বলেন আমরা নাটক করি| আমরা নাটক করি না| আপনারা কথার নাটক করেন| চার দেয়ালের ভেতরে বড় বড় কথা বলেন মাঠে নামতে চাননা| আর কেউ মাঠে থাকুক আর না থাকুক মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা হকার উচ্ছেদে মাঠে থাকবেই থাকবে|

যানজট সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জের যানজটের জন্য যেমন করে অটো রিকশা দায়ী তেমনি করে শহরের মাঝখানে কেন্দ্রীয় বাসটার্মিনাল দায়ী| বাস টার্মিনাল শহর থেকে বাইরে নিয়ে ট্রাক স্ট্যান্ড বাইরে নিয়ে গেলে শহরে যানজট থাকবে না| নিতাইগঞ্জে কোনো ট্রাক লোড আনলোড হতে পারবেনা| পঞ্চবটি স্ট্যান্ডে যেতে হবে| প্রয়োজনে ৩ থেকে ৪টা ট্রাককে লোড আনলোড করতে দেয়া হবে| রিকশার প্লেট একজন ব্যক্তিকে একটার বেশি অনুমোদন দেওয়া যাবে না| আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের অনুরোধ করবো সবাই মিলে এই উচ্ছেদে সহযোগিতা করতে হবে| প্রশাসক সাহেব যে উদ্যোগ নিয়েছেন সেটা উনার উদ্যোগ না| উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী উনি এটা বাস্তবায়ন করছেন| সবাইকে অনুরোধ আমরা আন্তরিকভাবে সহযোগিতা করবেন| মুখে উচ্ছেদ বলবেন পেছন থেকে উস্কানি দিবেন এমন কোনো নেতা যদি করেন আর আমরা যদি ধরতে পারি তাহলে নারায়ণগঞ্জবাসীর সামনে উম্মোচন করে দিবো আপনারা জনবিরোধী কাজ করেছেন|

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমরা শুনতে পেয়েছি ১৩ তারিখ হকার উচ্ছেদের সময় হকারদের সাথে অটোচালকেরা যোগ দিবেন বিশৃঙ্খলা করতে| আমি বলতে চাইনা এটা আওয়ামী লীগের আমলা না, কোনো গডফাদারের আমল না| প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যে ঘোষণা দিয়েছেন সেটা আমরা বাস্তবায়ন করবো|