News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

বিব্রত গণসংহতি আন্দোলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:১১ পিএম বিব্রত গণসংহতি আন্দোলন

মাত্র ৭দিনের ব্যবধানে নিয়ে নিজের অবস্থান থেকে ইউটার্ন নিয়ে হকারদের পক্ষে মাঠে নেমেছেন গণসংহতির নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস যা নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

জনগণের স্বার্থে বিরুদ্ধে গিয়ে অঞ্জন দাসের এমন অবস্থানের কারণে বিভ্রত হয়েছেন গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারাও। তাদের দাবি গণসংহতি আন্দোলন সহ দলটির সকল সহযোগী ইউনিটের অবস্থান স্পষ্ট তারা নারায়ণগঞ্জের জনগণের স্বার্থ রক্ষার পক্ষে। অঞ্জন দাস দলীয় সিদ্ধান্ত অমান্য করে জনগণের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছেন। এটি সম্পূর্ন তার ব্যক্তিগত অবস্থান।

এ ব্যাপারে জানতে চাইলে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, আমি খুব পরিষ্কারভাবে বলি বর্তমান বিএনপি সরকার সারাদেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোকে হকার মুক্ত করছেন এটা সরকারের অবস্থান। কিন্তু আমরা গণসংহতি আন্দোলন সব সময় বলে এসেছি যে আমরা নারায়ণগঞ্জবাসীর স্বার্থের বাইরে অন্য কোনো স্বার্থ নাই। নারায়ণগঞ্জবাসীর স্বার্থের জায়গা থেকে গত ১৩ এপ্রিল আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং সবগুলো রাজনৈতিক দল যখন ফুটপাতে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য নামি তখন আমরা ছিলাম এবং আমাদের দল গণসংহতি আন্দোলনে এখনো আগের অবস্থানেই আছে। ১৩ এপ্রিল এর পূর্বে আমরা আমাদের দলের নেতাকর্মীদের নিয়ে দুই দফা আলোচনা সভা করেই আমাদের এই অবস্থানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখবেন যে একমাত্র অঞ্জন দাস ছাড়া আমাদের দলের সিঙ্গেল কোনো কর্মী আজকে সেখানে যায়নি। সেই সাথে অঞ্জন দাস আমাদের দলীয় কারো সাথে কোনো প্রকার আলাপ আলোচনা না করেই এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন। যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যের এবং নারায়ণগঞ্জবাসীর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়াটাকে আমাদের দল থেকে কোনো ভাবেই সমর্থন করিনা। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অবস্থান এবং তিনি গণসংহতি আন্দোলনের দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়ায় অঞ্জন দাসের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নিবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তরিকুল সুজন বলেন, আমরা ইতোমধ্যে মিটিং ডেকেছি। মিটিং আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো। তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির জন্য কেন্দ্রের কাছে লিখিত আবেদন জানাবো।

এদিকে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর সমন্বয়কারী মো. বিপ্লব খান এক বিবৃতিতে জানান, নারায়ণগঞ্জ শহরে চলমান ফুটপাত দখলমুক্ত কার্যক্রমের প্রতি গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির পক্ষ থেকে পূর্ণ সংহতি জানানো হচ্ছে। গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে আমাদের নেতৃবৃন্দ স্বশরীরে উপস্থিত হয়ে নগরবাসীর স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করি-ফুটপাত সাধারণ মানুষের চলাচলের অধিকার; এটি দখলমুক্ত রাখা সময়ের দাবি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, গণসংহতি আন্দোলনের দলীয় অবস্থানের বাইরে কোনো সদস্যের ব্যক্তিগত কার্যকলাপের দায়ভার দল গ্রহণ করে না। নারায়ণগঞ্জবাসীর স্বার্থই আমাদের একমাত্র অগ্রাধিকার। জনগণের কল্যাণের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নেই।