নারায়ণগঞ্জ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কে একাধিক ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ।
গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বরাবর এ আবেদন জানান চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
আবেদনপত্র সূত্রে জানা যায়, প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নারায়ণগঞ্জের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। সড়কের দুই পাশে রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রাসা ও শিল্পকারখানা। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই সড়ক পারাপার করেন। তবে পর্যাপ্ত ফুটওভার ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে হচ্ছে পথচারীদের। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বিশেষ করে চাষাড়া মোড়, চাঁদমারি নতুন রাস্তার মোড়, জেলা কারাগার এলাকা, স্টেডিয়াম সংলগ্ন স্থান, সীমান্ত টাওয়ার জালকুড়ি, মাহমুদপুর, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভূইঘড় এবং সাইনবোর্ড এলাকায় দুর্ঘটনার প্রবণতা বেশি বলে উল্লেখ করা হয়েছে আবেদনে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় এ সমস্যাটি গুরুত্বসহকারে উঠে এসেছে। বিকেএমইএ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন ও নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা দ্রুত এ সমস্যার সমাধান চান।
আবেদনে আরও উল্লেখ করা হয়, চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডে আধুনিক ও নিরাপদ ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক নগর জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। জনস্বার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান ব্যবসায়ী নেতারা।




































আপনার মতামত লিখুন :