জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এই অঞ্চলের মাফিয়া শামীম ওসমান কোথায়? বোরকা পরে পালিয়ে যেতে হয়েছে। আগেও তার রেকর্ড ছিলো। আগেরবারও বোরকা পরে পালাতে হয়েছিলো। এমতিতে বাঘ হালুম হুলুম; কিন্তু ক্ষমতা না থাকলে আগেরবার বোরকা পরে পালাতে হয়েছে এবারও বোরকা পরে পালাতে হয়েছে। এবারও খোঁজ নাই। আপনিতো নারায়ণগঞ্জের কিং। আপনি এখন নারায়ণগঞ্জে আসেন। নারায়ণগঞ্জ আপনাকে মিস করছে কিন্তু আপনি এখন আসতে পারবেন না।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলোতে আয়োজিত আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন এনসিপি নারায়ণগঞ্জ মহানগর পাঠচক্র সেলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সারোয়ার তুষার বলেন, জ্বালানী নিয়ে যেটা হচ্ছে এটা স্ক্যাম। লক্ষ লক্ষ কোটি টাকা বিএনপি সংশ্লিষ্ট চোর বাটপারেরা মার্কেট থেকে তুলে নিয়ে গেছে জ্বালানী সংকট দেখিয়ে। তারা যে বলছে কোনো সংকট নেই মজুদ আছে। এটা মিথ্যা কথা না; এটা সত্যি কথা। কিন্তু পাম্পের যে লাইন দেখতে পাচ্ছেন এটাও সত্য। এই দুইটি জিনিস যায় কিভাবে। এর মাঝখানের যে জিনিসগুলো আছে চোর বাটপারদের অর্থনীতি।
সারোয়ার তুষার বলেন, চোর বাটপারদের যে অর্থনীতি আপনার মজুদ আছে সর্বোচ্চ আবার লাইন লম্বার উপর লম্বা হচ্ছে। কয়েকজন বাইকার মন্তব্য করছে; কুত্তার জীবন, আরেকজন বলছেন নিজের শরীরে আগুন লাগিয়ে দিবো আবার আরেকজন বলছেন তেল কই ভাই? সরকারের বাসায়? রাজনীতি বোঝাপড়ায় সবচেয়ে বেশি এগিয়ে বাংলাদেশের জনগণ। তারা নিজের জীবন দিয়ে বোঝে। এজন্যই তারা এসব বলছে। তারা সঠিক সমস্যা ধরে ফেলছে। তেল নিয়ে তেলসমাতি হচ্ছে এটা মানুষ বুঝে ফেলছে।
হামের টিকা প্রসঙ্গে তিনি বলেন, টিকা অন্তবর্তীকালিন সরকার কিংবা তারেক রহমানের সরকারের বিষয় না। বিষয়টা হচ্ছে স্বাস্থমন্ত্রণলায় আছে স্বাস্থ্য অধিদপ্তর আছে। এসকল প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগ আমলে যারা ছিলো অন্তবর্তীকালিন সরকারের সময়ে যারা ছিলো বর্তমানেও তারা আছে। এটা সুস্পষ্ট তাদের ব্যর্থতা। যখন ১০০ শিশু মারা গেছে তখন বিশেষ টিকা অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিসিবি প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, বিএনপি কতটা আহাম্মক হলে স্থায়ী কমিটির তিন হেভিওয়েট নেতার ছেলেকে এক বিসিবিতে ঢুকিয়ে দিয়েছে। একজনকে দিলে এটা নিয়ে আলোচনা হতো না। শুধু তিনজনই না নব্য বিএনপি ববি হাজ্জাজের স্ত্রীকেও দিয়েছেন। পরে ইশরাকের ভাইকেও দেয়া হয়েছে। পারিবারিক ক্রিকেট বানিয়ে ফেলছে। বিসিবির এই কাণ্ড ঘটিয়ে কতবড় সর্বনাশ করেছে এটা তাদের ধারণা নেই। ক্রিকেটের ফলোয়ার কিন্তু আমাদের তরুণ সমাজ।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর এনসিপি আহ্বায়ক মো. শওকত আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




































আপনার মতামত লিখুন :