News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারায়ণগঞ্জে জাল দলিলের হার বেশি, দালালমুক্ত ভূমি অফিস দেখতে চাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৮:৩৫ পিএম নারায়ণগঞ্জে জাল দলিলের হার বেশি, দালালমুক্ত ভূমি অফিস দেখতে চাই

নারায়ণগঞ্জে ভূমি সেবা উপলক্ষ্যে অটোমেটেড ল্যান্ড এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্যা চেঞ্জেস ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমি ভূমি অফিসে কোনো বাইরের লোক দেখতে চাই। দালালের ঘুরাফেরা শুনতে চাই না। দালালমুক্ত ভূমি অফিস দেখতে চাই। সেই সাথে কাগজ ঠিক থাকলে কোনো লোক যেন সেবা বঞ্চিত না হয়। আমাদের সকলের যেন সেবা দেয়ার মন মানসিকতা থাকে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে অন্যান্য জেলার তুলনায় জাল দলিলের হার বেশি। তাই যাচাই ছাড়া দ্রুত নামজারি করে দিলে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হতে পারে। কেউ যদি ভুয়া দলিল জমা দেয় এবং সেটির ভিত্তিতে নামজারি হয়ে যায়, পরে প্রকৃত মালিক আপত্তি দিলে আবার সেটি বাতিল করতে হয়। এতে ভোগান্তি আরও বাড়ে। তাই জমা দেওয়া কাগজপত্র যাচাই করা জরুরি।

জেলা প্রশাসক বলেন, এখন আগের তুলনায় ভোগান্তি অনেক কমেছে। আগে নামজারি করতে ৭০ থেকে ৭৫ দিন লাগত, এখন নারায়ণগঞ্জে গড়ে ১৮ দিনের মধ্যে নামজারি সম্পন্ন হচ্ছে। আরও দ্রুত ও নির্ভুল সেবা দিতে প্রশাসন কাজ করছে। ভূমি বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা এখনও কম। অনেকেই ওয়ারিশ সূত্রে জমির মালিক হলেও সময়মতো নামজারি বা রেকর্ড সংশোধনের বিষয়ে গুরুত্ব দেন না। এ বিষয়ে নাগরিকদের আরও সচেতন হতে হবে।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর প্রমূখ।