News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:১২ পিএম বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিত

বন্দরে নবীগঞ্জ খেয়াঘাটে কলেজ শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ ও গালিগালাজের অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের নিযুক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধে। বুধবার (১৩ মে)  বিকেলে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে নবীগঞ্জ খেয়াঘাটের টোল আদায় কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রীরা জানান, তারা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। প্রতিদিন পড়াশোনার জন্য তাদের বন্দরের নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পারাপার হতে হয়। ঘাটের নিয়ম অনুযায়ী, ইজারাদারের ট্রলারে পার হলে নির্ধারিত ২ টাকা টোল দিতে হয়। কিন্তু সাধারণ নৌকায় পার হলে কোনো টোল দেওয়ার নিয়ম নেই।

বুধবার বিকেলে ওই ছাত্রীরা নৌকা দিয়ে পার হতে ঘাটে পৌঁছলে টোল আদায়কারী জুম্মন তাদের কাছে টোল দাবি করে। ছাত্রীরা নৌকায় পার হওয়ার কারণে টোল দিতে অস্বীকৃতি জানালে আদায়কারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা ছাত্রীদের ঘিরে ধরে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ অশোভন আচরণ শুরু করে।

লাঞ্ছনার শিকার এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিদিন এই পথ দিয়েই কলেজে যাই। নৌকায় পার হলে টোল দেওয়ার নিয়ম না থাকলেও জুম্মন ও তার সহযোগীরা আমাদের আটকে রেখে অপমান করেছে। তাদের ব্যবহারের ভাষা এতোটাই কুরুচিপূর্ণ ছিল যে আমরা হতভম্ব হয়ে গিয়েছি। জনসম্মুখেই তারা আমাদের সাথে এমন আচরণ করার সাহস পেয়েছে।

স্থানীয়রা জানান, নবীগঞ্জ খেয়াঘাটের ইজারাদারের লোকজনের বিরুদ্ধে প্রায়ই সাধারণ যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের সাথে টোল আদায় নিয়ে তারা প্রায়শই তর্কে জড়ায়।

টোল আদায়কারি জুম্মন জানান, আমি তাদের কাছে টোলের টাকা চেয়েছি ।  তারা কলেজ আইডি কার্ড প্রদর্শন করলে ভাড়া নিতাম না।