News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

জুলাই শহীদদের স্মরণে ১১ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৯:২৩ পিএম জুলাই শহীদদের স্মরণে ১১ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত শহরের হাজীগঞ্জ এলাকায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। সেই সাথে স্থানীয় মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমীর এবং জামায়াত-সমর্থিত নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহ তা'আলা যেন তাদের এ খেদমত কবুল করেন। মানুষের সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক, সেই দোয়া করি।

সভাপতির বক্তব্যে ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. খোরশেদ আলম বলেন, ওয়ার্ডবাসীর প্রয়োজনেই আমাদের এ আয়োজন। যারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য এটি একটি ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও প্রয়োজন হলে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। জনগণ আমাদের সেবার সুযোগ দিলে ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করব। আমরা সমাজকে মাদকমুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবসময় পাশে থাকব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। কোরআন-হাদিসের আলোকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত মহৎ। ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামকে ধন্যবাদ জানাই।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তল্লা বড় জামে মসজিদের সভাপতি সমশের আলী। এছাড়া বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, উত্তর থানা আমীর মাওলানা আবুল কালাম আজাদ এবং উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিম।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেয়া ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক হলেন ডা. আলী আশরাফ খান (চর্মরোগ বিশেষজ্ঞ), ডা. মো. শাহজালাল সুমন (অর্থোপেডিক), ডা. আশিকুর রহমান মৃদুল, ডা. ইব্রাহীম খলিল, ডা. হারুন আর রশীদ চৌধুরী এবং দন্ত চিকিৎসক ডা. আবু নাঈম (মো. ইব্রাহীম)।