মদনপুর-বস্তল সড়কের ও বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়ে একটি আন্ডারপাস নির্মাণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জুমআর নামাজের পর এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বন্দরের মদনপুর ইউনিয়নের মদনপুর, আন্দিরপাড়, কবরস্থান মহল্ল, আগার বাড়ি ও সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন, ডায়েরপাড়, ভিটাবাড়ী, শিকদার বাড়ী, বরাব ও বাইশটেকী এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, ‘উল্লেখিত বেশ কয়েকটি এলাকার লাখো মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মদনপুর-বস্তল সড়কের অত্র আন্দিরপাড় অংশে আন্ডারপাস নির্মাণ অতীব জরুরি। নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজ, ডাফোডিলস ক্যাডেট মাদ্রাসা ও চেঙ্গাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের চলাচলকে নিরাপদ করতে এবং মদনপুর কবরস্থান মসজিদ ও মাদ্রাসায় চলাচলে বিশেষ করে জনস্বার্থে ও নিরাপত্তার স্বার্থে এখানে আন্ডারপাসের বিকল্প নেই।
আন্দিরপাড়ে একটি গাড়িকে রাস্তার অপর প্রান্তে যেতে চাইলে প্রায় দেড় কিলোমিটার দূরে ললাটি স্ট্যান্ড দিয়ে ইউটার্ন করে ঘুরে আসতে হবে, এতে করে জনদুর্ভোগ বাড়বে ও ভাড়াও বেড়ে যাবে। তাই অনতিবিলম্বে এখানে আন্ডারপাস নির্মাণ করা হউক, অন্যথায় আমরা সামনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এসময় আন্ডারপাস নির্মাণে নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সোহেল আহম্মেদের সঞ্চালনায় মদনপুর ইউপি’র ১নং ওয়ার্ডের মেম্বার শাকিল পারভেজ রনি, মোঃ নাসির, তানভীর নূর, আঃ কাইয়ুম, মিনহাজ ভূঁইয়া, তাজুল ইসলাম খোকন, আঃ ওহাব, নূরে আলম বুলবুল, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, আলতাফ হোসেন, নূর মোহাম্মদ খান, সিরাজ উদ্দিন, আমজাদ হোসেন, মাজহারুল ইসলাম, সুমন আহম্মেদ, সজীব ও আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



































আপনার মতামত লিখুন :