News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে : নারায়ণগঞ্জে খাদ্যমন্ত্রী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০৮:৫৪ পিএম ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে : নারায়ণগঞ্জে খাদ্যমন্ত্রী

‘সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। আমরাও চাই, ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।’

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা  বলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

মন্ত্রী আরো বলেন, আমাদের মূল লক্ষ্য হলো জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ করছি। এ পর্যন্ত আমরা বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়িনি। ভবিষ্যতেও যাতে দ্রুত যেকোনো সমস্যা সমাধান করা যায়, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পুষ্টিকর চাল উৎপাদনের যে প্রকল্পটি নেওয়া হয়েছে, সেটি কবে উদ্বোধন বা চালু হবে—এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলতে পারছি না। আমরা আজ এখানে এসেছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে উপস্থিত হয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টায়  তিনি নারায়ণগঞ্জের সাইলোতে পৌঁছান। সেখানে সাইলো ও এর অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম এবং খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

তিনি স্থাপনাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।