News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সরকারি নির্ধারিত হারে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া নির্ধারণ দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৮:৩২ পিএম সরকারি নির্ধারিত হারে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া নির্ধারণ দাবি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণ ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা।

২৬ সেপ্টেম্বর শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিমা সরদার।

নেতৃবৃন্দ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ জেলার বিভিন্ন সড়কে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ প্রতিনিয়ত আর্থিক হয়রানির শিকার হচ্ছেন। তাই সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিআরটিএ জারি করা প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল নির্ধারিত ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বৃদ্ধি পেয়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ১৯ কিলোমিটার হিসাবে নতুন নির্ধারিত হারে বাসভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভার টোল বাবদ ৫ টাকা যোগ করলে মোট ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা। কিন্তু বিআরটিএর নতুন প্রজ্ঞাপন জারির আগেই উৎসব ও বন্ধন পরিবহন যাত্রীপ্রতি ৬০ টাকা ভাড়া নেওয়া শুরু করে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, গত ২৩ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা হারে ১৯ কিলোমিটারের ভাড়া ছিল ৪৬ টাকা ১৭ পয়সা। এর সঙ্গে ৫ টাকা ফ্লাইওভার টোল যোগ করলে মোট ভাড়া দাঁড়ায় ৫১ টাকা ১৭ পয়সা। কিন্তু সে সময়ও যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা করে নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। সে হিসাবে যাত্রীপ্রতি ৩ টাকা ৮৩ পয়সা অতিরিক্ত আদায় করা হয়েছে বলে তারা দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, গণপরিবহন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে সহনীয় ভাড়া নিশ্চিত করা জরুরি।

তারা অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণ, সরকারি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।