News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিম্মি করে বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৮:৩৬ পিএম জিম্মি করে বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনের পক্ষ থেকে হঠাৎ করে সাধারণ যাত্রীদের ভাড়া ৬০ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস নিয়ে নয়ছয় করে ৪০ টাকা করার অনৈতিক ও একচেটিয়া সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।

একই সাথে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার তীব্র প্রতিরোধ ও আন্দোলনের মুখে বাস মালিকপক্ষ আগের ভাড়া অর্থাৎ সাধারণ যাত্রীদের জন্য ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা বহাল রাখতে বাধ্য হওয়াকে ছাত্র-জনতার প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

‎২৬ সেপ্টেম্বর যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা-এর আহ্বায়ক মৌমিতা নূর এবং সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, নারায়ণগঞ্জের পরিবহন খাত আজ সম্পূর্ণভাবে ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনের একচেটিয়া অনৈতিক সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে। উৎসব ও বন্ধন পরিবহনের মালিকরা সাধারণ মানুষের পকেট কেটে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক ৪০ টাকা করে আদায় শুরু করেছিল। কিন্তু সচেতন ছাত্র-জনতা তা মেনে নেয়নি। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার মাঠপর্যায়ের কঠোর আন্দোলন ও তদারকির মুখে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে এবং আগের ভাড়া ৫৫ টাকা ও শিক্ষার্থীদের ৩৫ টাকা বহাল রাখতে বাধ্য হয়েছে।

‎ছাত্র নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের নাকের ডগায় উৎসব ও বন্ধন পরিবহনের সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করার দুঃসাহস দেখালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা প্রাইভেট বাস সিন্ডিকেটকে বারবার বেপরোয়া করে তুলছে। অবিলম্বে উৎসব ও বন্ধনের এই সিন্ডিকেটের স্থায়ী লাগাম টানতে হবে।