নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৯ থেকে ১০ জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। এ সময় বাড়ির মালিক ও তাঁর ভাইকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়।
১৪ মে বুধবার দিনগত রাত দুইটায় আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দল বাড়ির কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতরা শাহ আলমের ঘর থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা এবং একই ভবনে থাকা তাঁর ভাই জানে আলমের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে বাড়ির মালিক শাহ আলমকে কুপিয়ে আহত করা হয়। তাঁর ভাই জানে আলমকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। পরে স্বজনেরা আহত শাহ আলমকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ডাকাতির একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।



































আপনার মতামত লিখুন :