বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি’র ঐকান্তিক প্রচেষ্টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনের আসন সংখ্যা সংশোধন এবং বিকল এসি মেরামতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
গত ৩ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসারের কাছে প্রেরিত ওই চিঠিতে বলা হয়েছে, একাডেমি পরিষদের ১২৩তম সভার সিদ্ধান্তের আলোকে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের আসন সংখ্যা ৫০০ নির্ধারণ করে ভাড়া গ্রহণের অনুমোদন দেওয়া হলো। একইসাথে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) মেরামতের লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) কর্তৃক ব্যয় প্রাক্কলন প্রস্তুত করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রেরণের জন্য নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫১০ টি আসন রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৫০০ আসন পর্যন্ত একধরনের ভাড়া নির্ধারণ করা হয় এবং ৫০০র অধিক আসন দ্বিতীয় ধাপে নির্ধারণ হয়। মাত্র ১০ টি আসনের জন্য প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হতো মিলনায়তন ব্যবহারকারীদের। দীর্ঘদিন যাবত এ নিয়ম চালু ছিলো। এছাড়া এসি নষ্ট থাকলেও ভাড়া দিতে হতো। এতে মিলনায়তন ব্যবহারকারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এসব বৈষম্যের বিরুদ্ধে সবার অনুরোধে আনিসুল ইসলাম সানি শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন ও শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে কয়েক দফা আলোচনা করেন। বার বার তাগাদা দেওয়ার ফলে শিল্পকলা একাডেমির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন থেকে পূর্বের তুলনায় কম ভাড়ায় শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্যবহার করতে পারবেন আয়োজনকারীরা।






































আপনার মতামত লিখুন :