News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবু মিস্ত্রি জামে মসজিদ ও ঈদগাহ রক্ষায় মুসুল্লিদের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৯:৩৫ পিএম নবু মিস্ত্রি জামে মসজিদ ও ঈদগাহ রক্ষায় মুসুল্লিদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন হাজীগঞ্জে ওয়াকফকৃত ঈদগাহের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুসুল্লিরা।

শুক্রবার বাদ জুমা হাজীগঞ্জ নবু মিস্ত্রি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে হাজীগঞ্জ বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে আশপাশের বিভিন্ন মসজিদের মুসুল্লিরা অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘ভূমিদস্যুদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসলামের দুশমনরা হুঁশিয়ার সাবধান’ সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে হাজীগঞ্জ নবু মিস্ত্রি জামে মসজিদের খতিব ও হাজীগঞ্জ মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুফতি ইমরান হোসেন বলেন, “আমরা সবাই জানি হাজীগঞ্জ নবু মিস্ত্রি জামে মসজিদের জন্য ৬৬ শতাংশ জায়গা ওয়াকফ করা হয়েছিল। যুগ যুগ ধরে সেই জায়গা মসজিদের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে এবং এলাকাবাসী মিলে এখানে ঈদের নামাজ আদায় করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন ধরে ভূমিদস্যুদের একটি দল ঈদগাহের জায়গা নিয়ে পাঁয়তারা শুরু করেছে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলতে চাই, হাজীগঞ্জ এলাকাবাসী ঈমানদারদের অন্তরে যতক্ষণ প্রাণ থাকবে, দেহে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে, ঈদগাহের জায়গা নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। ষড়যন্ত্রকারীদের হাত যত লম্বা হোক না কেন, ঈদগাহের জায়গা দখল করতে আসলে মসজিদের স্বার্থে তাদের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।”

মসজিদ কমিটির সভাপতি ডা. জসিমউদ্দিন বলেন, “মরহুম নবু মিস্ত্রি মসজিদ ও ঈদগাহের জন্য জায়গা ওয়াকফ করে গেছেন এটা প্রতিষ্ঠিত সত্য। হঠাৎ একটি চক্র ভুয়া কাগজপত্র নিয়ে মসজিদের জায়গা দখলের পাঁয়তারা করছে। আমরা আজ মসজিদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করেছি। আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কাউকে মসজিদের জায়গা দখল করতে দেব না। যে কোনো কিছুর বিনিময়ে আমরা এর প্রতিহত করব। দরকার হলে আইনের সহায়তা নিয়ে এগিয়ে যাব।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই জায়গায় ঈদের জামাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে। সম্প্রতি কিছু ব্যক্তি জমি দখলের চেষ্টা করায় উত্তেজনা দেখা দেয়। মুসুল্লিরা ঈদগাহ ও মসজিদের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছেন।