News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের আগে শ্রমিকদের পূর্ণ বেতন-বোনাস দাবী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১০:৩৯ পিএম ঈদের আগে শ্রমিকদের পূর্ণ বেতন-বোনাস দাবী

ঈদের কমপক্ষে ৭ দিন আগে সকল শ্রমিককে পূর্ণ ঈদ বোনাস, মে মাসের পূর্ণ বেতনসহ বকেয়া পাওনা পরিশোধ, বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ এবং শ্রমিক নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার ১৫ মে বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সেলিম মাহমুদ এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি হাসনাত কবির। বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক নুর হোসেন সর্দার, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাজ্জল হোসেন, তল্লা আঞ্চলিক শাখার সংগঠক কামাল হোসেন এবং ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রুহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ঈদ উৎসব প্রতি বছর নির্ধারিত সময়েই আসে। সরকার, মালিকপক্ষ ও দেশের জনগণ সকলেই বিষয়টি জানলেও ঈদ এলেই অসাধু মালিকরা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টায় লিপ্ত হয়। দেশে শ্রম মন্ত্রণালয়, শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশ এবং জেলা প্রশাসনের নেতৃত্বে ক্রাইসিস প্রতিরোধ কমিটি থাকা সত্ত্বেও অধিকাংশ মালিক শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করেন না। আইন অনুযায়ী মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও অনেক মালিক শ্রমিকদের নামে মাত্র ৫০০ বা ১০০০ টাকা “বকশিস” দিয়ে দায়সারা আচরণ করে, কারখানা বন্ধ করে পালিয়ে যায় কিংবা বিভিন্ন ধরনের তালবাহানা করে।