নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে স্লোগান নিয়ে ব্যানার টানিয়েছে যুবলীগের কর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুই নাম্বার রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে এই ব্যানার টানানো হয়। সেই সাথে তারা এক মিনিট স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা জানান, কয়েকজন স্থানীয় যুবলীগ কর্মী যারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত তারা এসে তড়িঘরি করে কার্যালয়ের সামনে ব্যানার টানার। এরপর তারা ১ মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে তারা ব্যানার রেখে যান।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা এই বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসকল কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার জোর দাবী করছি।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আমরা বিষয়টি অবগত য়য়েছি। এ বিষয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের সাথে সাথে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মী আত্মগোপনে চলে যান। আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমান। এই অবস্থায় একসময় নেতাকর্মীদের দ্বারা সবসময় জমজমাট থাকা শহরের দুই নং রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়টি জনমানবহীন ভুতুরে ভবনে পরিণত হয়।
































আপনার মতামত লিখুন :