News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নজর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:১৪ পিএম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নজর

শেষ হলো জাতীয় সংসদ নির্বাচন, এখান বাকি এমপিদের শপথ। তবে কোন ধরনের দৃশ্যমান ঢামাঢোল না বাজলেও এখন থেকেই যেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দিকে নজর দিতে শুরু করেছেন বিএনপির অনেকেই। বিভিন্ন এলাকাতে সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরা আসছে রমজানকে কাজে লাগানোর উদ্যোগ নিতে শুরু করেছেন। মেয়র পদে আগ্রহীরাও এবারের রমজানকে গুরুত্ব দিবেন। বিএনপির অনেকের ধারণা আগামী কয়েক মাসের মধ্যেই সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন হয়ে যাবে স্থানীয় সরকারের গুরুত্ব বাড়াতে ও জনদুর্ভোগ লাঘবে।

সিটি কর্পোরেশনটি তিনটি অঞ্চলের মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ-৫ আসনের শহর ও বন্দর থানা এলাকা রয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনে এমপি আজহারুল ইসলাম মান্নান সমর্থনে সিদ্ধিরগঞ্জ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর দেখা যাবে। এবারের নির্বাচনে সিদ্ধিরগঞ্জের অনেকেই মান্নানের পক্ষে ছিলেন। তাদের অনেকেউ এবার মনোনয়ন চাইবেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি আবুল কালামের সমর্থন আদায়ের চেষ্টা করবেন অনেক কাউন্সিলর প্রার্থী। যারা কালামের পক্ষে এবার আটঘাট বেধে মাঠে নেমেছিল তারা এখন থেকেই সরব। সাবেক কাউন্সিলরাও চাইবেন তাদের কর্তৃত্ব ধরে রাখতে।

এদের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। তাদেরকে মনোনয়ন দেয়নি দলের হাইকমান্ড। একইভাবে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তাদের বদলে আবুল কালামকে দলের মনোনয়ন দেন এবং তিনি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি একাধিক নেতা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনে দলের মনোনয়ন না পাওয়া নাসিক মেয়র পদে মনোনয়ন চাইবেন জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদ। দল এক দক্ষ সংগঠক ও শিক্ষিত নেতাকে মনোনয়ন দিবেন এমন বিশ্বাস তার সমর্থকদের।

একইভাবে মনোনয়ন চাইবেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। তরুণ এই মেধাবী নেতা ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে জনপ্রিয়তা দেখিয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনায়। সিদ্ধিরগঞ্জ অঞ্চলে বিএনপি প্রার্থীকে জয়ী করে ইতোমধ্যে রাজীবের প্রশংসা ভাসছেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি একাধিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ার এবার নাসিক মেয়র পদে মনোনীত তোড়জোড়ে নামবেন মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এদের মধ্যে আলোচনায় আছেন টিপু। তিনি সংসদ নির্বাচনে কালামের পক্ষে জোরালোভাবে কাজ করেছেন।

তাদের ছাড়া সু-কৌশলে এগুচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রথম পর্যায়ে মনোনীত প্রার্থী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তিনি গত বছর ১৬ ডিসেম্বর নিজে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাড়ান। এর ফলে শহর-বন্দর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তিনি পুনরায় আবারো মনোনয়ন চাইলেও দল তার বদলে আবুল কালামকে মনোনয়ন দেন। এ কারণে বিএনপির অনেক নেতা তার উপর ক্ষুব্দ।