News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নাসিকে সাখাওয়াতের চ্যালেঞ্জ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৫৮ পিএম নাসিকে সাখাওয়াতের চ্যালেঞ্জ

নারায়ণগঞ্জ শহরের প্রধান সমস্যা হিসেবে পরিণত হয়েছে হকার, যানজট ও পরিস্কার পরিচ্ছন্নতা। বিশেষ করে হকারমুক্ত ফুটপাত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিজেও নিয়োগ পেয়েই এ বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। সেই সাথে ৬০ দিনের একটি পরিকল্পনা নিয়ে মাঠে থাকবেন বলে জানিয়েছেন। একই সাথে নিয়োগ পেয়ে দায়িত্ব বুঝে নেয়ার আগেই বিভিন্ন জায়গা পরিদর্শন করে ও পরিচ্ছন্ন কর্মীদের সাথে কথা বলে পরিকল্পনা ঠিক করার চেষ্টা করছেন। শুরু থেকেই দায়িত্ববান হয়ে উঠার চেষ্টা করছেন। আর এসকল বিষয়ে সফল হতে পারলে নগরবাসী তাকেই পরবর্তী মেয়র হিসেবে প্রত্যাশা করবেন। সেই সাথে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়ে আসতে পারবেন।

এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। যিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত হয়ে বেশ দক্ষতার সাথে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।’

প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি দলের কাছে কৃতজ্ঞতা জানাই। বিগত দিনের ত্যাগের মূল্যায়ন করেছে দল। আমি চেষ্টা করবো এই নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার। নগরীর যানজট থেকে হকার সমস্যা, মাদক-সন্ত্রাসও নিয়ন্ত্রণে আন্তরিক চেস্টা করবো এবং এসকল কাজ নগরবাসীকে সাথে নিয়েই করবো।

তিনি আরও বলেন, আমার প্রথম কাজ হলো নারায়ণগঞ্জকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা। ধুলাবালি রাস্তাঘাটের অব্যস্থাপনা থেকে উত্তরণ করা। আমি ৬০ দিনের একটা কর্মসূচি নিবো। এই দিনগুলোর মধে সমস্যার সমাধান করার চেষ্টা করবো। সকলকে নিয়ে গ্রহণযোগ্য সমাধান ও জনগণকে স্বস্তি দেয়ার চেষ্টা করবো। ঢাকার পাশ্ববর্তী জেলা হলেও নারায়ণগঞ্জ অনেক ক্ষেত্রে পিছিয়ে। আমার চেষ্টা থাকবে নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার।

সূত্র বলছে, ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা একীভূত করে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০ এর বিধি ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রায় ৭২ দশমিক ৪৩ বর্গকিলোমিটার এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রতিষ্ঠা করে। প্রথম সিটি নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন। সেই সাথে সবশেষ নির্বাচনেও তিনিই মেয়র হিসেবে নির্বাচত হয়েছিলেন।  

আর মেয়র হিসেবে আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অবকাঠামোগত অনেক উন্নয়ন করলেও পিছিয়ে রয়েছেন বর্জ্য ব্যবস্থাপনায়। একই সথে হকারমুক্ত ফুটপাত ও যানজট সমস্যাও দূরীকরণ করতে পারেননি। নানা প্রতিবন্ধকতায় এই দুই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি সফল হতে পারেননি। ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে রক্তও জরিয়েছিলেন আইভী। এবার নতুন প্রশাসক হিসেবে সাখাওয়াত হোসেন খান কতটুকু সফল হতে পারেন সেটাই দেখায় বিষয়।