News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

দখল হারাচ্ছে গিয়াস, মার্কেটের হাত বদল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:৪১ পিএম দখল হারাচ্ছে গিয়াস, মার্কেটের হাত বদল

নির্বাচনে লজ্জার পরাজয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ ও বহিস্কৃত বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনের শক্তি কমেছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলের পর হতে তার আয়ত্বে থাকা বিভিন্ন সেক্টরের হাত বদলের খবর পাওয়া গিয়েছে। তবে শুধু সেক্টরেই থেমে নেই, গিয়াসসহ তার সহযোগীরা গাঢাকা দেওয়ার খবরও রটেছে।

২০২৪ এর ৫ আগস্ট পরবর্তীতে আওয়ামী ফ্যাসিবাদের দখলে থাকা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সেক্টর গিয়াস বলয়ের নিয়ন্ত্রণে চলে যায়। দলীয় সিদ্ধান্ত তথা বিএনপির বিরুদ্ধে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হতেই গিয়াসের পতনের খবর রটে।

জানা গেছে, নির্বাচনের দিন থেকে আলোচিত গিয়াস,তার তিন ছেলে ও ঘনিষ্ঠজনরা প্রকাশ্য হচ্ছে না। আর এই সুযোগে নব্য ক্ষমতাবানের কর্মী সমর্থকরা সব নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় রয়েছেন। ইতোমধ্যে একটি শপিংমলসহ কয়েকটি খাতের হাতবদলও হয় বলে জানা গেছে।

তথ্যমতে, চিটাগাংরোডস্থ হাজী বদরুদ্দীন সুপার শপিংমল নামক একটি পোশাক মার্কেট নিয়ে সাতখুনের প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে গিয়াসউদ্দিনের দ্বন্দ্ব চলে আসছিল। বিগত সময়ে হোসেন পরিবার মার্কেটটি দখলে রাখলেও ২৪ এর গণঅভ্যুত্থান ঘটামাত্রই তাদের পলায়নে গিয়াস মার্কেটটি নিজের দখলে নেন। এরপর টানা ১৮ মাস তিনি দখলে রেখে ৫০ এর অধিক দোকানের ভাড়া আদায় করে। ১২ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হলে ১৩ ফেব্রুয়ারি সেই মার্কেট পুনরায় নিজের দখলে নিয়ে নেন হোসেন বলয়।

অপরদিকে শিমরাইল মোড়স্থ ট্রাক স্ট্যান্ডটি অভ্যুত্থান পরবর্তী থেকে গিয়াসের ঘনিষ্ঠ আয়ুব আলী মুন্সি নামক এক বিএনপির নেতার দখলে ছিল। সম্প্রতি সেটিকে নতুন গ্রুপ দখলে নেওয়ার পায়তারা করছে যা নিয়ে ইতোমধ্যে সংঘাতের মতো ঘটনাও ঘটতে দেখা গেছে।

এ বিষয়ে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে মার্কেটটির পরিচালনার দায়িত্বে থাকা মো. লোকমান জানিয়েছেন, কাগজেকলমে বদরউদ্দিন সুপার মার্কেট আমার নামে রয়েছে। আমাদের কাগজপত্র পানির মতো ক্লিয়ার থাকা সত্বেও গিয়াসউদ্দিন ২৪ এর আগস্টে তার দলবল নিয়ে দখল নিয়েছেন।

তিনি আরও বলেন, মার্কেটটি নিয়ে ইতিপূর্বে গিয়াস নারায়ণগঞ্জ জজ কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমাদের সঙ্গে লড়েও পরাজিত হয়েছে। মূলত পেশিশক্তি দ্বারা দখল রেখেছিল। আমাদের কাছে সকল কাগজপত্র রয়েছে, প্রয়োজনে যেকোনো স্থানে দেখানো হবে।