News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

নারীদের শুধু সংরক্ষিত আসনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৯:১৭ পিএম নারীদের শুধু সংরক্ষিত আসনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না

নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান বলেন, নারীদের আর শুধু সংরক্ষিত আসনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। স্থানীয় নির্বাচনে সরাসরি সাধারণ আসনে অংশ নিয়ে নিজেদের নেতৃত্ব, যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে হবে। সময় এসেছে সাহস নিয়ে সামনে এগিয়ে আসার, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নিজেদের অবস্থান শক্ত করার।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

লুবনা রহমান বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা কিংবা সিটি কর্পোরেশন প্রতিটি জায়গায় নারীদের সরাসরি নির্বাচনে লড়াই করতে হবে। কারণ একজন নারী শুধু সংরক্ষিত আসনের প্রতিনিধি নন, তিনি পুরো সমাজ ও জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন।

তিনি আরও বলে, নারীর নেতৃত্ব মানেই একটি মানবিক, সচেতন ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা। তাই সংরক্ষিত নয়, নারীদের সরাসরি আসনে নির্বাচনের রাজনীতিতে আরও শক্তভাবে এগিয়ে আসতে হবে। আমি আমার দেশের অর্ধেক জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি। এই অর্ধেক জনগোষ্ঠী সরাসরি ভোট দেয়, নিজেদের মতামত প্রকাশ করে, রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়। তাহলে একজন নারী কেন শুধু সংরক্ষিত আসনের প্রতিনিধি হবেন? কেন তিনি সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হবেন না?

এই নারীনেত্রী বলেন, নারীরা শুধু ভোটার নন, তারা এই রাষ্ট্র ও সমাজের সমান অংশীদার। দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার অধিকার নারীদেরও সমানভাবে রয়েছে। তাই নারীদের নেতৃত্বকে শুধুমাত্র সংরক্ষিত আসনের মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই।

‘‘যখন একজন নারী জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করেন, মানুষের আস্থা অর্জন করেন এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন, তখন তিনি সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পূর্ণ অধিকার রাখেন। সময় এসেছে নারীদের করুণা বা নির্ধারিত আসনের রাজনীতি থেকে বের হয়ে সরাসরি নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার। কারণ যোগ্যতা, নেতৃত্ব ও জনগণের ভালোবাসা কখনো লিঙ্গ দেখে নির্ধারিত হয় না।’’