News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

হকারদের উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন নিয়ে ভাবতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১০:৩১ পিএম হকারদের উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন নিয়ে ভাবতে হবে

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, দুর্নীতি এবং মানুষের উপড় জুলুম করা বাংলাদেশের ট্র্যাজেডি কবে শেষ হবে? তবে জুলুম করলেও লাভ হয়নি; কারণ নারায়ণগঞ্জের প্রত্যেকটি মানুষ জানে নারায়ণগঞ্জ-৫ আসনে দেয়াল ঘড়ি পাশ করেছে। সব মানুষ জানে। শিশু বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষ পর্যন্ত সবাই জানে। এটাই আমাদের বিজয়। এমপি হওয়া বড় নয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছি। এটাই আমাদের প্রাপ্তি।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধায় স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণাকালে এসব কথা বলেন। এদিন সিটি করপোরেশন, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রথম ধাপে বেশকিছু প্রার্থী ঘোষণা দেন।

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে এবিএম সিরাজুল মামুন বলেন, আমরা আগেও বলেছি রাস্তাঘাট চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। এটা অবশ্যই জরুরি। জনগণের চলাচলের অধিকার এটা সাংবিধানিক অধিকার। চলাচলের কোনো বিঘœ সৃষ্টি করা যাবে না। এই চলাচলের ব্যাপারে আমাদের আপত্তি নেই। কিন্তু এই দেশেরই সন্তান। তারা গরীব মানুষ। তাদের বিষয়গুলো মানবিক দিক থেকে বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, কাজেই উচ্ছেদ করার সাথে সাথে তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করতে হবে। আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক নেতারা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করছেন। সবাইকে নিয়েই কাজ করবেন। রাজনৈতিক ঐক্যবদ্ধ কাজ করা সম্ভব না। সকলের সহযোগিতা লাগবে। রাজনৈতিক দল যারা আছে সবাইকে নিয়েই কাজ করতে হবে। সবাইকে নিয়ে সমস্যা সমাধানের চিন্তা না করলে তাহলে সমস্যার সমাধান হবে না।

দেয়াল ঘড়ি বাদ দিয়ে কোনো সমস্যার সমাধান হবে উল্লেখ করে তিনি বলেন, দেয়াল ঘড়িকে বাদ দিয়েও নারায়ণগঞ্জে কোনো সমস্যার সমাধান হবে না। কাজেই আমাদের ডাকেন আমরা জনগণের স্বার্থে নাগরিক সুবিধার জন্য একসাথে কাজ করতে চাই। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধি প্রসঙ্গে এবিএম সিরাজুল মানুন বলেন, বাংলাদেশের মানুষ এমনিতেই অর্থনৈতিক সংকটে। মানুষের অনেক কষ্ট। হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। বাসগুলোতে উপচেপড়া ভিড় থাকে। কেন বাসভাড়া বৃদ্ধি করলেন? সুযোগ পেলে লাফ দিয়ে বাস ভাড়া বাড়ানো হয়ে থাকে। আমি এই বাসভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে বাসভাড়া আগের জায়গায় আনতে হবে। সমস্যা থাকলে আপনারা বসেন কথা বলেন সকলের সাথে। হঠাৎ করে নিজেরা সিদ্ধান্ত নিয়ে বাসভাড়া বৃদ্ধি করলে মেনে নেয়া যায় না।

স্থানীয় নির্বাচনে জোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনও ১১ দলীয় জোটের সাথে আছি। যতদিন পর্যন্ত জাতির স্বার্থ রক্ষিত হয় আমরা এই জোটে থাকবো। আমরা এখন যার যার দল থেকে প্রার্থী দিচ্ছি। তফসিল ঘোষণার সময়ে আমরা এখানে এনসিপি আছে জামায়াতে ইসলামীর ভাইয়েরা আছে অন্যান্য রাজনৈতিক দল আছে সবাই মিলে চেষ্টা করবো সমন্বিত প্রার্থী দেয়ার জন্য।