News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

সোনারগাঁয়ে পঁচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রি, ব্যবসায়ীর জরিমানা 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১০:০২ পিএম সোনারগাঁয়ে পঁচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রি, ব্যবসায়ীর জরিমানা 

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় গরুর পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁকে কারাগারে পাঠানো হয়নি।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫ টায় মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতা মোঃ আব্দুল মান্নানকে হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার বারদী ইউনিয়নের বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বিকেল সারে পাঁচটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ দণ্ডাদেশ দেন। 

অভিযানে উপজেলা ভেটেরিনারি সার্জন ও সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাংস ক্রেতা মাংস ক্রয় করে বাড়িতে নেয়ার পর মাংসের ভিতরে পোকা দেখতে পান এবং মাংস থেকে দুর্গন্ধ ছড়ালে তাৎক্ষণিক দোকানদারকে মাংস ফেরত দেন, দোকানদার মাংস ফেরত নিতে অনিহা  প্রকাশ করলে স্থানীয়রা এগিয়ে এসে অন্যান্য মাংস দুর্গন্ধ এবং পোকাযুক্ত দেখতে পান । পরে তাঁরা ওই ব্যবসায়ীকে আটক করে প্রশাসনকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট লোকজন মাংস পচা থাকার সত্যতা পান। পরে এসব মাংস জব্দ করে জনসমক্ষে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত পচা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।এ সময় তিনি আরোও বলেন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।