News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাসিক নির্বাচনে আলেম সমাজকে কঠোর ভূমিকা রাখতে হবে : ফেরদাউসুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৯:০৪ পিএম নাসিক নির্বাচনে আলেম সমাজকে কঠোর ভূমিকা রাখতে হবে : ফেরদাউসুর

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আলেম সমাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠোর ভূমিকা পালন করতে হবে বলে আহ্বান জানিয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান।

মঙ্গলবার বাদ জোহর নাসিকের ১০নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জে স্থানীয় আলেম সমাজের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা ফেরদাউসুর রহমান বক্তব্যে আলেম সমাজের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে বলেন, ৪৭ এর দেশভাগ, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল। এমনকি স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশ পুনর্গঠনেও আলেম-ওলামারা সম্মুখ সারিতে ছিলেন।

তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সর্বস্তরের ওলামায়ে কেরামকে আসন্ন নাসিক নির্বাচনে পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে ২৭টি ওয়ার্ডেই শক্ত অবস্থান নিতে হবে। এখানকার নাগরিক সুবিধা নিশ্চিত করা, সামাজিক মর্যাদা রক্ষা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আলেমদেরই এগিয়ে আসতে হবে।

সাবেক জনপ্রতিনিধিদের সমালোচনা করে তিনি বলেন, অতীতে যাঁরা নাসিকের দায়িত্বে ছিলেন, তাঁরা জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার গ্লানি মুছে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশনের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে জনগণের পাশে থেকে বেশি বেশি জনকল্যাণমূলক কাজ করতে হবে।

জাতীয় রাজনীতি প্রসঙ্গে মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, আমরা জাতীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নিয়েছি। এটাকে কেন্দ্র করে মানুষ অনেক কথাই বলবে, তবে এখন সেসব কথায় কান দিলে চলবে না। আমাদের মূল লক্ষ্য হতে হবে জাতির কল্যাণ ও দেশের উন্নয়ন।

মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা সাজ্জাদ, মাওলানা সাব্বির, মাওলানা সালাউদ্দিন, মাওলানা আতাউল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, কামরুল হাসান দাআইমী ও মোঃ ইব্রাহিমসহ এলাকার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।