News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মশার উপদ্রব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১০:২৫ পিএম নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মশার উপদ্রব

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিচারপ্রার্থী থেকে শুরু করে আদালতের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারী সকলেই মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন। বেঞ্চ সহকারী ও অফিস সহকারীরা তাদের আসনে বসে কার্যক্রম পরিচালনা করতে পারে না মশার কারণে। সেই সাথে বিচারপ্রার্থীরাও মশার কামড়ের কারণে এজলাস কক্ষে যেন বসে থাকতে পারেন না।

কিন্তু মশার এত উৎপাতের পরও যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রদক্ষেপ গ্রহণ করছেন না। মশা নিধনে তাদের কোনো উদ্যোগই পরিলক্ষিত হয় না। দীর্ঘদিন ধরেই ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো কিংবা অন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে না।

বেঞ্চ সহকারীদের সাথে কথা বলে জানা যায়, আদালতের ভিতরে যারা কাজ করেন তাদের কেউই নিশ্চিন্তে বসে কাজ করতে পারেন না। দিনের বেলাতেই তাদের মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়তে হয়। স্বস্তি নিয়ে কাজ করতে পারেন না। সেই সাথে দিন দিন মশার উৎপাত বেড়েই চলছে। বিচার কাজ চলাকালিন সময়ে আদালতের ভিতরে তাদের মশার কামড় সহ্য করতে হয়।

ফলে এই মশা দমনে প্রদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। অন্যথায় সামনের দিনগুলোতে মশার কামড় অসুস্থ অবস্থায় দিন যাপন করতে হতে পারে।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, আমি এই বিষয়ে কথা বলবো। কোথায় কোথায় মশার উৎপাত বেশি সেগুলো চিহ্নিত করে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে সরেজমিনে দেখা যায়, আদালতের আশপাশে অনেক ময়লা আবর্জনা রয়েছে। যা দীর্ঘদিন ধরে পরিস্কার পরিচ্ছন্নতা করা হয় না। ফলে এসকল স্থানে মশার লার্ভা জন্ম নিচ্ছে। এসকল জায়গায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে দ্রুত প্রদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন আদালের কর্মকর্তা কর্মচারীরা।