News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইভীর মুক্তিতে অভিনন্দন জানিয়ে সমালোচনায় মহিলাদল নেত্রী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১০:০৮ পিএম আইভীর মুক্তিতে অভিনন্দন জানিয়ে সমালোচনায় মহিলাদল নেত্রী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তির খবরে অভিনন্দন জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।

তার নিজ দলের নেতারাই তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করতে শুরু করেছেন।

জানা গেছে বুধবার ৩মে রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তি লাভের বিষয়টি একজন সাংবাদিক নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে কমেন্টে মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না লিখেন ‘অভিনন্দন’। তার এমন এক মন্তব্যে শুরু হয় সমালোচনা। ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেন, ফ্যাসিস্টের অন্যতম দোসর আইভির মুক্তিতে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।

যদিও পরবর্তীতে ময়নার করা সেই কমেন্ট সরিয়ে নিয়েছেন তিনি।

এব্যাপারে জানতে চাইলে সাবেক কাউন্সিলর ও মহিলা দল সভানেত্রী দিলারা মাসুদ ময়না জানান, আমি যেহেতু একটি রাজনৈতিক দলের নেত্রী। তিনিও একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। উনিও দেওভোগের বাসিন্দা আমি দেওভোগের বাসিন্দা। আমি শুনতে পেলাম উনি বের হবে। স্বাভাবিক ভাবে এটা রাজনৈতিক শিষ্ঠাচার।  একজন জেল থেকে বের হবে আমি তাকে অভিনন্দন জানিয়েছি। শুধু এতোটুকুই এর বাইরে আর কিছুই না। এটাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে আমি শুধু বলতে চাই রাজনীতিতে অভিনন্দন বলতে অনেক কিছুই বুঝায়। অভিনন্দনের ভাষা চ্যালেঞ্জ ও হতে পারে, তাকে স্বাগত জানানোও হতে পারে। এটা নিয়ে ভুল ব্যাখা দেওয়ার কোনো অবকাশ নাই। আমি একসময় কাউন্সিলর ছিলাম সে হিসেবে আমি উনার কলিগ ছিলাম, এলাকাবাসী হিসেবে শুধু অভিনন্দন জানিয়েছি এর বাইরে কিছু না।