News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছাত্রদল যুবদল নেতাকে চাপা দেয়া ট্রাকটি ছিল ভাড়ায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:৩৮ পিএম ছাত্রদল যুবদল নেতাকে চাপা দেয়া ট্রাকটি ছিল ভাড়ায়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও যুবদল নেতা মো. মাসুম বিল্লাহ (২৭)কে চাপা দিয়ে নিহত করা সেই ড্রাম ট্রাকটিকে চট্টগ্রাম থেকে ভাড়ায় এনেছিল নাসিক।

সেই ড্রাম ট্রাকটি জুবেদ এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বলে জানা গেছে। ট্রাকটির চালক নয়নকে খুঁজছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল কাদির জিলানী ও মো. মাসুম বিল্লাহ একটি মোটরসাইকেলে করে দশপাইপ এলাকায় নতুন একটি কয়েল ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে একই দিকে চলাচলকারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা বালুর স্তূপে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যায়। এ সময় তারা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয় একটি বসতবাড়ির সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় ড্রাম ট্রাক চালকটির বেপরোয়া চালানোর কারণেই ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মো. মাসুম বিল্লাহ (২৭) পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাসিন্দা। তিনি বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং একটি কয়েল ফ্যাক্টরির মালিক হওয়ার পাশাপাশি কাঁচা তরকারির ব্যবসা করতেন।

অপরদিকে নিহত আব্দুল কাদির জিলানী (২৬) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের বাসিন্দা। তিনি নান্নু খন্দকার ও মাফুজা আক্তারের ছেলে। বর্তমানে ফতুল্লার দেলপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহআলম জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলেও ড্রাম ট্রাকটির চালককে পাইনি। পরে দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে আমরা নাসিকের দশপাইপস্থ বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে গিয়েছিল। যে ড্রাম ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়েছে সেটি কুরবানীর ঈদের বর্জ্য অপসারণের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ চট্ট্রগামের একটি প্রতিষ্ঠান থেকে ভাড়ায় এনেছিল। ওই ড্রামট্রাকটির কোন নম্বর প্লেট পাইনি। তবে সেটি জুবেদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের বলে জানতে পেরেছি। ওই ড্রাম ট্রাকটি নয়ন নামের এক ব্যক্তি চালাচ্ছিলেন। তিনি জুবেদ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের ড্রাম ট্রাকের চালক বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত চলছে। চালক নয়নকে আটকের চেষ্টা চলছে।