নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। শুক্রবার ১২জুন বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্ত থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। অংশগ্রহণকারীরা ধরে মদনপুর হয়ে এলাকা প্রদক্ষিণ করেন। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়।
সোনারগাঁও উপজেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। তাদের হাতে ছিল ব্রাজিলের জাতীয় পতাকা, দলের জার্সি ও নানা ধরনের ব্যানার–ফেস্টুন। মহাসড়কজুড়ে হলুদ-সবুজ রঙের এই উপস্থিতি পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এ আয়োজন করা হয়। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই ছিল মূল উদ্দেশ্য।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক সজীব বলেন, ফুটবল আমাদের আবেগের জায়গা। ব্রাজিলের নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল সবসময়ই আমাদের মুগ্ধ করে। তাই প্রিয় দলকে ঘিরে আনন্দ ভাগাভাগি করতে আমরা একত্রিত হয়েছি।
আরেক সমর্থক পারভেজ বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। দলের প্রতি ভালোবাসা থেকেই এই শোভাযাত্রায় অংশ নিয়েছি। আশা করি, ভবিষ্যতের প্রতিযোগিতা গুলোতে ব্রাজিল আরও ভালো সাফল্য অর্জন করবে।
শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রিয় দলকে ঘিরে সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।








































আপনার মতামত লিখুন :