নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও বিকেএমইএ- এর সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেছেন, নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ শুধু ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, শহরের সামগ্রিক উন্নয়নেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জ) থেকে চেম্বারের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সংসদ সদস্য নির্বাচিত হওয়া ব্যবসায়ী সমাজের জন্য গর্বের বিষয়। একজন সংগঠক হিসেবে তিনি আগে থেকেই দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে আসছিলেন। এখন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যবসায়ী সমাজ ও নগরবাসীর প্রত্যাশা আরও বেড়েছে। এটি ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের সম্মিলিত সাফল্য।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ব্যবসায়ী সংগঠনগুলোর কাজ কেবল বাণিজ্যিক স্বার্থ রক্ষা নয়। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শহরকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও যানজটমুক্ত রাখা তাদের দায়িত্বের অংশ। অতীতে চেম্বার ও বিকেএমইএ যৌথভাবে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রম নগরবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
রমজানকে সামনে রেখে তিনি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, রমজান সংযম ও দায়িত্ববোধের মাস। এ সময়ে বাজার অস্থির হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান, লাভের পাশাপাশি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিতে হবে। চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে, তবে সেই স্বার্থ যেন জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের অন্যতম প্রধান সমস্যা যানজট। রমজান জুড়ে স্বেচ্ছাসেবক নিয়োগ, ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে। এসব কার্যক্রমে ব্যবসায়ী সমাজ ইতিবাচক সাড়া দিচ্ছে এবং সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।
সবশেষে তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কাজে ইতিবাচক উদ্যোগ নেন, তাহলে ব্যবসায়ী সমাজ সবসময় তাঁদের পাশে থাকবে। শহরের স্বার্থে যেকোনো গঠনমূলক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে ব্যবসায়ীরা আন্তরিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত।






































আপনার মতামত লিখুন :