নারায়ণগঞ্জের ফতুল্লার মালঞ্চনগর শিল্পাঞ্চলে অবস্থিত জে.এম নীটওয়্যার লিমিটেড শ্রমিকদের ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে পরে নারায়ণগঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) কার্যালয় ঘেরাও করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক আল আমিন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি হাসনাত কবির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলি পুলিশ লাইন টাগারপাড় শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জে.এম নীটওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে। সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন না করা, বাৎসরিক ছুটি ও ইনক্রিমেন্ট না দেওয়া, বেতন সময়মতো পরিশোধ না করা, মাতৃত্বকালীন ছুটি প্রদান না করা, ইস্তফা দিলে আইনানুগ পাওনা না দেওয়া, বেআইনিভাবে চাকরিচ্যুতি, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সুবিধা না থাকা এবং শ্রমিকদের ওপর দমন-পীড়নসহ নানা অনিয়মের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছেন।
নেতৃবৃন্দ আরও জানান, গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মালিকপক্ষ এবং একইসাথে সংশ্লিষ্ট সংগঠনের নিকট ১০ দফা দাবিনামা প্রদান করা হয়। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আবেদন করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বক্তারা অবিলম্বে শ্রমিকদের ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শ্রমিকদের দাবির প্রেক্ষিতে আগামী ১৩ এপ্রিল সোমবার সকাল ১১ টায় ত্রিপক্ষীয় গণশুনানির মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।









































আপনার মতামত লিখুন :