News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

হকারদের খুঁটির জোর কোথায়?


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১১:১৪ পিএম হকারদের খুঁটির জোর কোথায়?

নারায়ণগঞ্জ শহরের বাসিন্দাদের ভোগান্তির অপর নাম হকার। এখানকার হকাররা প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শহরের প্রধান সড়কের ফুটপাতগুলো দখলে রাখে। ফুটপাতের পাশাপাশি রাস্তাও দখলে নেয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছেন শহরবাসী। কোনোভাবেই যেন এই হকারদের দমানো যাচ্ছে না। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে অভিযান শুরু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হকারদের রাস্তা থেকে উঠিয়ে দেয়া হচ্ছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে কাউকে কাউকে শাস্তির আওতায় আনা হচ্ছে। কিন্তু রাজধানী লগোয়া নারায়ণগঞ্জে জেলায় এখনও এ ধরনের উচ্ছেদ অভিযান পরিলক্ষিত হচ্ছে না। কবে নাগাদ হবে তারও কোনো নিশ্চয়তা নেই। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে বিরূপ সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলছেন নারায়ণগঞ্জের হকারদের খুঁটির জোর কোথায়?

জানা গেছে, রাজধানী ঢাকার হকার উচ্ছেদ হলেও নারায়ণগঞ্জের হকাররা ফুটপাত দখল করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। তারা যেন অনেক বেশি শক্তিশালী। তাদেরকে উচ্ছেদ করার সাধ্য যেন কারও নেই। বিভিন্ন সময় নানা উপায়ে চেষ্টা চালিয়েও তাদেরকে যেন কোনোভাবেই দমানো যাচ্ছে না। ফলে তাদের খুঁটির জোর কোথায়? এটা নিয়ে নারায়ণগঞ্জাবাসীকে বারবার ভাবিয়ে তুলছে। বিভিন্ন মহলে এ নিয়ে বারবার প্রশ্ন উঠছে। একই সাথে জনপ্রতিনিধিদের বারবার প্রশ্নবিদ্ধ করছে।

তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়ে আসছেন অতি শীঘ্রই হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এরই মধ্যে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হকার্স মার্কেট থেকে পুরাতন কোর্ট পর্যন্ত দুই পাড়ের ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে মালামাল জব্দ করা হয়েছে। ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিমের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিতে ২ এপ্রিল সন্ধ্যার পর শুরু হয় ওই অভিযান। প্রায় তিন শতাধিক ফুটপাতে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়।

এ সময় বিদ্যুতের প্রধান সংযোগ থেকে অবৈধভাবে নেয়া নিয়ম দেখে কর্মকর্তারা অবাক হয়ে পড়ে। তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক দিক নির্দেশনা অনুযায়ী চাষাঢ়া থেকে পুরাতন কোর্ট পুরো এলাকার দুই পাশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এমন ধারাবাহিকতা বজার রাখা গেলে ফুটপাতে রাতে হকার বসবে না।

এর আগে ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিমের প্রধানদের সাথে দেখা করেছেন প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ফুটপাতে হকার বসা নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। তার ধারাবাহিকতায় ডিপিডিসি ফুটপাতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রেখেছেন।

হকার ইস্যুতে সাংবাদিকদের ভূমিকা কথা তুলে ধরেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, আপনারা সাংবাদিকরা যারা আছেন-আপনাদের ভূমিকা অনেক। একজন হকারকে উঠিয়ে দিলো, ওই হকার রাস্তায় শুয়ে কান্না করছে- আপনারা (সাংবাদিক) ছবি দিয়ে নিউজ করে মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করার চেষ্টা করছেন। এমন কাজ করলে আমরা কিন্তু জনগণের ভোগান্তি দূর করতে পারবো না। হকার যেভাবে ভোগান্তিতে রেখেছে বরং নগরবাসী ও সাধারণ মানুষকে আরো ভোগান্তি রাখবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু নির্মম হতে হবে। ভালো কাজে সকলকে পাশে থাকতে হবে।

বুধবার ১ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলে প্রথম অফিস চলাকালে এমন মন্তব্যে করে সহযোগিতার বার্তা দেন। তিনি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমাকে প্রশাসক নিয়োগ দিয়ে সিটি কর্পোরেশনকে পরিস্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব দিয়েছেন। তাই এতদিন আপনাদের সড়ক ও ফুটপাতে হকারদের দখল মুক্ত করার সময়ে এসেছে। জনগণের ভোগান্তি কমাতে পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে দ্রুত সময়ে। আমাদের এমপি আবুল কালাম হলেন আমার বড় ভাই। এমপি ও প্রশাসক মিলে এবার জনগণের ভোগান্তি মোচন করতে করবো। এর জন্য সকলের সহযোগিতা লাগবে।

২৮ মার্চ নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, যানজট ও ফুটপাতের অব্যবস্থাপনা নাগরিক জীবনে চরম ভোগান্তি তৈরি করছে এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের শারীরিক সমস্যাও বাড়ছে। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সরকার উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে। তবে গত ১৫ বছরেও যানজট সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এবার হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

প্রধান সড়ক থেকে হকার উচ্ছেদ এবং অটোরিকশা নিয়ন্ত্রণে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত অটোর সংখ্যা বাস্তবতার তুলনায় অনেক বেশি। এ খাতে সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। নির্দিষ্ট সড়ক ও এলাকায় ভিন্ন রঙের রিকশা চালু, ডিজিটাল নাম্বার প্লেট এবং চালকদের জন্য পরিচয়পত্র চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া নির্দিষ্ট এলাকার রিকশা অন্য এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণে চেকপোস্ট বসানো হবে।

হকারদের বিষয়ে তিনি বলেন, ‘যারা সিটির বাসিন্দা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া যানজট কমাতে বাপ্পি চত্বর থেকে আদালত প্রাঙ্গণ পর্যন্ত ‘টাউন সার্ভিস’ চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে ভাড়া নির্ধারণ করা হবে ১০ টাকা। এ প্রকল্প দ্রুত পরীক্ষামূলকভাবে চালু করা হবে।’ এ কার্যক্রমে কোনো ধরনের বাধা সহ্য করা হবে না দলীয় বা বিরোধী যেই হোক না কেন, আইন প্রয়োগে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

নারায়ণগঞ্জ নগরের অভিশাপমুক্ত করতে প্রস্তুতি নিয়েছেন সিটি কর্পোরেশন। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও গণমাধ্যমের সাথে দফা দফা সভা করেছেন নবাগত প্রশাসক সাখাওয়াত হোসেন খান। নগরকে অভিশাপমুক্ত করতে নগরবাসী ও সকল সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে ওমরাহ হজ্জ থেকে দেশে ফিরছেন এমপি আবুল কালাম। সিটি কর্পোরেশনের গতি বৃদ্ধিতে সিদ্ধিরগঞ্জের অঞ্চলে অফিস করবেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। দুইজনই চলতি সপ্তাহে হকার ও যানজটমুক্ত করতে পরিকল্পনায় এগিয়ে নেয়ার ব্যবস্থা নিতে যাচ্ছেন।

এদিকে শহরের হকারদের উৎসাহিত করার অভিযোগে মহানগর হকার্স দলের কমিটি বিলুপ্ত করেছে মহানগর শ্রমিকদল। বির্তক অভিযোগে এমন কান্ডে রীতিমত আলোচনা সমালোচিত ছিলেন হকার্স দলের নেতাদের বিরুদ্ধে। যার কারণে হকারদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের ব্যবস্থা নিতে হকাস দলকে সরে দেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে নাসিকের ও বিদ্যুৎ বিভাগের তৎপরতায় নগরবাসীর মধ্যে আশার সঞ্চার ঘটিয়েছে। নগরবাসী থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাই ফুটপাত হকারমুক্ত করার পক্ষে থাকলেও দীর্ঘদিনেও বিষয়টির আর সমাধান হয়নি। হকারমুক্ত করতে গিয়ে সাবেক মেয়য় ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যাচেষ্টার মতো লঙ্কাকাণ্ড ঘটালেও কোনোভাবেই কিছু হচ্ছে না। ফলে সড়কে যানজট ও চলাচলে ভোগান্তি থেকেই যাচ্ছে।

এর আগে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে যানজট ও হকার ইস্যুতে বৈঠকে উপস্থিত হয়েছিলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সেই সভায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কের ফুটপাত দখল নিয়ে হকারদের প্রসঙ্গে আলাপ-আলোচনা হয়। একপর্যায়ে সভায় উপস্থিত সবাই ফুটপাতে হকার না বসানোর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছে। সেই সঙ্গে হকারদের বসার বিষয়ে কঠোরভাবে দমন করার নির্দেশনা দেওয়া হয়। তাদের এই একমত হওয়ার পরদিন থেকে নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত থাকে। কিন্তু কিছুদিন পর থেকেই আবার ফুটপাতে বসতে শুরু করেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হকাররা যেন লাগামছাড়া হয়ে পড়েছেন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পুরো সড়কই দখল করে রাখছেন। এতে করে নগরবাসী অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছেন।

নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে নগরবাসীর প্রত্যাশা তিনি যেন নগরবাসীকে অতিদ্রুত ভোগান্তি থেকে মুক্তি দেন এই প্রত্যাশা সকলের।