News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

লিংক রোডে তিন ফুটওভার ব্রিজের প্রস্তাবনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১১:০২ পিএম লিংক রোডে তিন ফুটওভার ব্রিজের প্রস্তাবনা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কোন কোন স্থান হয়ে উঠেছে মরণফাঁদ। প্রায়ই পথচারী পারাপারে ঘটছে দুর্ঘটনা। বিশেষত লিংক রোডের স্টেডিয়াম এলাকায় এখন পর্যন্ত একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে কেবল পথচারী পারাপার হতে গিয়ে। এই এলাকার মানুষের দাবি, দ্রুততম সময়ে এই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হোক।

গত বছরের জুন মাসে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় পথচারীদের নিরাপদে পারাপার হবার জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায় এলাকাবাসী। যেই মানববন্ধনে ফতুল্লার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে এই দাবি তোলেন। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং একই দাবিতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। সবশেষ জাতীয় নির্বাচনে জয় পেয়েছেন আবদুল্লাহ আল আমিন। এমপি নির্বাচিত হবার পর এলাকাবাসীর দাবি, দ্রুতই তিনি এই ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিবেন। 

গত বৃহস্পতিবার সকালে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় সড়ক পারাপার হতে গিয়ে নিহত হন রানী মন্ডল (৫০)। একই ঘটনায় আহত হয় তার স্বামী। জাতীয় সংসদ নির্বাচনের পরে এই স্থানে মৃত্যুর ঘটনায় এই এলাকার মানুষকে ফের একত্রিত করে তোলে এই স্থানে ফুটওভার ব্রিজের দাবিতে। দ্রুত এখানে ব্রিজ নির্মাণের দাবি জানান এমপি আল আমিনের কাছে।

দুর্ঘটনার খবর পেয়ে সকালেই মুঠোফোনে সওজের নির্বাহী প্রকৌশলীকে ফোনে এই স্থানে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মানের উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন। ঘটনাস্থল পরিদর্শন করেন এমপি আল আমিন। ছুটে যান নিহত রানী মন্ডলের বাড়িতে। সেখানে তার আহত স্বামীর খোঁজ খবর নেন এবং আইনি সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি দ্রুত এই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানান।

সওজ সূত্র জানিয়েছে, লিংক রোডে এখন পর্যন্ত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে জেলা পরিষদ এলাকায়। তবে সেই ব্রিজটি সাধারণ মানুষ খুব একটা ব্যবহার করেন না। স্টেডিয়াম এলাকায় ব্রিজ নির্মানের দাবি থাকলেও সওজ অন্তত তিনটি স্থানে ফুটওভার ব্রিজের গুরুত্ব চিহ্নিত করেছে। সেগুলো হচ্ছে, ফতুল্লা স্টেডিয়াম বাসস্ট্যান্ডের সামনে, জালকুড়ি কড়ইতলা বাসস্ট্যান্ডের সামনে এবং ভুইগড় রূপায়ন টাউনের সামনে।

এবিষয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন বলেন, ‘স্টেডিয়াম এলাকায় ফুটওভার ব্রিজের দাবি আমাদেরই ছিলো। মানুষের চাহিদা এখানে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মান করা হোক। ইতোমধ্যে এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে এই কাজের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। আশা করছি দ্রুতই ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।’